২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তার মুখে তিস্তা সেচ প্রকল্প, নতুন করে সম্ভাব্যতা যাচাই

দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে একনেকের বৈঠকে এক হাজার ১৬৬ কোটি টাকা অনুমোদন দেওয়ার পরও বিশ্ব ব্যাংকের চাপে সরকার দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্পটি বন্ধ করে দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সূত্র জানায়, প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ সেচপ্রকল্প তিস্তা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য অর্থ অনুমোদন দিয়েও আবার নতুন করে সরকার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করায় ফলপ্রসূ এই প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার আগেই ১৯৯৪ সালে বিশ্ব ব্যাংক এটি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলো।

উত্তরবঙ্গের নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়া জেলার ৩৫টি উপজেলায় তিস্তা প্রকল্পের মাধ্যমে সেচ কার্য পরিচালনার উদ্দ্যেশ্যে সর্ববৃহৎ এই প্রকল্প বাস্তবায়ন শুরু হয়।

প্রকল্পটির মূল ব্যারেজ নির্মাণ কাজ শেষ হয় ১৯৯০ সালের ৫ আগষ্ট। প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় প্রকল্পটিকে দু’ভাগে ভাগ করে প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়ন করা হয়। ১৯৯৬ সালের জুন মাসে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করার চূড়ান্ত সময় নির্ধারণ করা হলেও তা কয়েক দফা পিছিয়ে এ কাজ শেষ হয় ১৯৯৮ সালের জুনে। প্রকল্পের অর্থ সংস্থান করে এডিবি, আইডিবি, এসএফডি, আবুধাবি ফান্ডসহ কয়েকটি বিদেশী দাতা সংস্থা।

প্রথম পর্যায়ে ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নের জন্য এলাকার কৃষকরা জোর দাবি তুললে গত বছর ২১ জানুয়ারী একনেকের বৈঠকে প্রকল্পের বাকী কাজ শেষ করতে তিনটি পর্যায়ে মোট এক হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হলেও প্রকল্প ব্যয় নির্বাহের জন্য দাতা সংস্থার ওপর নির্ভর করতে হয়।

একনেকের বৈঠকে বরাদ্দ অনুমোদনের পর সংশ্লিষ্টরা অনেক দৌড়ঝাঁপ করলেও দাতা সংস্থাগুলো এগিয়ে আসেনি।

তবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি), সৌদি ফান্ড ফর ডেভলপমেন্ট (এসইডি) এবং নেদারল্যান্ডের টিউনিং মিশন দফায় দফায় প্রকল্প ঘুরে এর সম্ভাব্যতা যাচাই করে গিয়ে তাদের প্রযুক্তি ও লোকবল দিয়ে কাজ করার শর্তে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে তাদের এই শর্ত মেনে নিয়ে কাজ করলে বাংলাদেশের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে তাদের প্রস্তাব গ্রহণ করা হয়নি।

কিন্তু সহজ শর্তে বরাদ্দের অর্থ নিয়ে কোন দাতা সংস্থা এগিয়ে না আসায় পানি উন্নয়ন বোর্ড জিওবি এটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রস্তাব করে।

উত্তরাঞ্চলের কৃষক, নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের চাপাচাপিতে সম্প্রতি সরকার কাজটি শুরুর জন্য জিওবি থেকে মাত্র ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। এনিয়ে কাজও শুরু করা হয়। কিন্তু অবশিষ্ট অর্থ ছাড় করার আগে সরকার আবারও প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শুরু করেছে।

জানা যায়, প্লানিং কমিশনের ইমপ্লিøমেন্টেশন মনিটরিং ইভ্যালুয়েশন ডিপার্টমেন্টের ( আইএমইডি) ডিরেক্টর জেনারেল রুখসানা বেগমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গত রোববার ও সোমবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এসময় টিমের সদস্যরা এ ব্যাপারে কোন প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বিডিনিউজকে বলেন, সরকারের নির্দেশে আমরা এসেছি, ফিরে গিয়ে সরকারের কাছে রিপোর্ট করবো।