বঙ্গোপসাগরে শত শত জাহাজ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে
দীর্ঘ ৪৭ বছরেও বঙ্গোপসাগরে দেশীয় জলসীমার জরিপ না করায় সাগর পথে চলাচলকারী মালবাহী জাহাজ এবং ট্রলারসহ জলযানগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। উন্নত মানের নেভিগেশনস সিগন্যাল না থাকায়, নতুন জেগে উঠা চর বা কুয়াকাটার দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় কোনও বাতিঘরের অনুপস্থিতি, এমনকি সাগর বক্ষে কিংবা সাগর সৈকতে আধুনিক কোন ল্যান্ড মার্কের অভাবে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৫৮ সনের পর বঙ্গোপসাগরের চর বা গভীরতার কোন জরিপ না করায় দীর্ঘ দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি বড় ধরনের চর জেগে ওঠেছে। ৪৭ বছর আগের জরিপ অনুযায়ী মালবাহী জাহাজসহ জলযানগুলো চলাচল করছে। কিন্তু প্রায় ৪ যুগের ব্যবধানে বঙ্গোপসাগরে আন্ডার চর, রূপার চর, গঙ্গামতী, চর খালেক, সোনার চরসহ বেশ কয়েকটি বড় ধরনের চরের সৃষ্টি হয়েছে। এসব চর জোয়ারের সময় পানিতে তলিয়ে থাকার কারণে নাবিকদের পক্ষে গভীরতা মাপা সম্ভব হয় না। ফলে বিপদের আশংকা দেখা দেয় এবং প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে।
এছাড়া, ডুবন্ত চরের কারনে সাগরে চলাচলরত ছোট বড় জাহাজগুলো সঠিক দিক নির্দেশনার অভাবে অত্যন্ত ধীর গতিতে প্রয়োজনের তুলনায় অনেক বাড়তি সময় ব্যয় করেও গন্তব্যে পৌঁছাতে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
অনেক সময় খরার কারণেও মালবোঝাই জাহাজ এবং ট্রলারসহ জলযানগুলোকে ডুবোচরে আটকা পরে যায়।
উল্লেখ্য, ১৯৯২ সালে “কুইন-অব-হার্ট” নামক একটি মালবাহী জাহাজ ৩০ হাজার মেট্রিকটন সারসহ সামুদ্রিক চরে আটকা পরে এবং সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিদেশ থেকে উদ্ধারকারী জাহাজ এনে দুর্ঘটনা কবলিত জাহাজটিকে উদ্ধার করে।
১৯৯৩ সালের ১০ই এপ্রিল সাইবেরিয়ার পতাকাবাহী “এমভি ধনিষ্ঠে” নামক অপর একটি মালবাহী জাহাজ ২১ হাজার মেট্রিকটন সিমেন্ট নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মংলা সমুদ্র বন্দরে যাওয়ার সময় সাগরের ডুবো চরে আটকা পরার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিঙ্গাপুর থেকে “টগ” এনেও আটকা পরা জাহাজটি উদ্ধার করতে পারেনি। বর্তমানে জাহাজটি বালুর নিচে তলিয়ে যাওয়ায় কর্তৃপক্ষকে মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
জানা গেছে, মংলা বন্দর থেকে ৮০ কিলোমিটার পূর্বে হিরন পয়েন্ট পর্যন্ত উন্নত মানের নেভিগেশনস সিগন্যাল নেই এবং নতুন জেগে উঠা চর এলাকার সীমানায় বা কুয়াকাটার দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় কোনও বাতিঘর নেই। এমনকি সাগর বক্ষে কিংবা সাগর সৈকতে আধুনিক কোন ল্যান্ড মার্ক নেই।
জেলার কলাপাড়া থানার আগে দক্ষিণ বঙ্গোপসাগরের সমুদ্র বেইজে আবহাওয়ার আগাম পরিস্থিতি জানার জন্য ভি. এইচ. এ. এফ. কেন্দ্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি “মেরিটাই মোবাইল” সেট বসানো ছিল। কিন্তু ১১ বছর আগে সেটটি অন্যত্র স্থানান্তর করায় আবহাওয়া সম্পর্কে নাবিকদের আগাম ধারনা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পরিস্থিতি আরো সংকটময় হচ্ছে।
অবিলম্বে চর এলাকায় উন্নতমানের ওয়ারলেস সেট, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি ও সার্ভেলাইটসহ অন্যান্য কমিউনিকেশন সাপোর্ট স্থাপন করা হলে নাবিকরা গভীর সমুদ্রে সম্ভাব্য বিপদের ঝুঁকি এড়াতে সক্ষম হবে।
এছাড়া, সমুদ্র সৈকতে ইলিশ মৌসুমে প্রতিদিন হাজার হাজার মাছ শিকারী ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়, এদের এবং মালবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচলের গতিপথে নতুন জরিপ একান্ত অপরিহার্য। নতুবা প্রতি বছর ডুবন্ত সামদ্রিক চরে জাহাজ আটকা পরে কোটি কোটি টাকা অপচয় রোধ করা সম্ভব হবে না বলে বিশেষজ্ঞদের ধারনা।
