হাতিয়ার মেঘনা চ্যানেলে ৭ হাজার বস্তা সার বোঝাই কার্গো আটক
হাতিয়ার মেঘনা চ্যানেল দিয়ে মায়ানমারে পাচারকালে সোমবার রাত আটটায় স্থানীয় জনতা সাত হাজার বস্তা সার বোঝাই কার্গো আটক করেছে।
পুলিশ পরে পাচারকারীদলের ১০ সদস্যকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, পাচারের উদ্দেশ্যে সার বোঝাই কার্গোটি দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরচেঙ্গা ঘাটের কাছে নোঙ্গর করে। এসময় খবর পেয়ে এলাকাবাসী নদীর পাড়ে কার্গোটি আটক করতে গেলে পাচারকারীদের সাথে বাকবিতণ্ডা হয়। পাচারকারী দলটি কার্গোটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতার প্রতিরোধে তা পারেনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে তিনি মেঘনায় অভিযান চালিয়ে কার্গোটি আটক করে পাচারকারী দলের ১০ সদস্যকে গ্রেফতার করেন।
গত মঙ্গলবার চার হাজার বস্তা সার লুটের রেশ কাটতে না কাটতেই সার বোঝাই কার্গো আটকের এই ঘটনা ঘটল।
