ভোলায় বোমা বানাতে গিয়ে ১ জন নিহত ও ১ জন আহত
ভোলায় সোমবার শক্তিশালী বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমদকে গ্রামের বাড়ি যাওয়ার সময় বাধা দেওয়ার উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তোফায়েল আহমদের রাতে বাড়ি যাওয়ার কথা ছিল।
নিহত ব্যক্তির নাম নুর হোসেন এবং আহতের নাম জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোলা ও দৌলতখান উপজেলার সীমান্ত ইউনিয়ন জয়নগর রশিদ খাঁ বাজারের পাশে বয়াতী বাড়ির কাঞ্চন বয়াতির ঘরের পেছনের বারান্দায় চার/পাঁচ জন বোমা বানাচ্ছিল। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকটি মোটর সাইকেল এসে এলাকাটিতে মহড়া দেয় এবং একটি ট্যাক্সি যোগে হতাহতদের সরিয়ে নেয়।
এ ব্যাপারে তোফায়েল আহমদ বলেন, বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আমার বাড়ির কাছাকাছি। এটি আমার দুর্ভাগ্য, আমি ভোলায় এলেই বিএনপির সন্ত্রাসীরা বোমবাজি করে।
এদিকে, রাত সাড়ে ৯টায় নিহত নূর হোসেনের লাশ কে বা কারা দৌলত খান হাসপাতালে রেখে চলে যায়। দৌলত খান পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে যায়।
