২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ২ শ’ বাড়ি নদীগর্ভে, শহর রক্ষা বাধে ফাটল

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। শহর প্রতিরক্ষা বাঁধে দেখা দিয়েছে ফাটল। ঘাসের জমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে গো খাদ্যের।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার সকাল থেকে দমকা বাতাস ও যমুনা নদীর তীব্র ঢেউয়ে জেলার ভাঙ্গন পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে। ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি, শাহজাদপুর উপজেলার প্রায় দু’শ বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া যমুনায় প্রবল ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাধ ‘হার্ড পয়েন্ট’ এবং রানীগ্রাম গ্রোয়েন সংলগ্ন এলাকায় ফাটলের সৃষ্টি হয়েছে। বাড়ছে নদীর তলদেশের গভীরতা।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানিয়েছেন, হার্ড পয়েন্ট এলাকায় গভীরতা ১০ ফুট থেকে বৃদ্ধি পেয়ে ১২৫ ফুট এবং রানীগ্রাম এলাকায় ৬০ ফুট থেকে ৭৫ ফুটে দাঁড়িয়েছে।

সদর উপজেলার বাসিন্দারা ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে বাড়িঘর সরিয়ে নিচ্ছে। শত শত মানুষ ছেড়ে যাচ্ছে বাপ-দাদার ভিটেমাটি।

এদিকে শাহজাদপুর উপজেলার বাউতারা বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে পানি বাঁেধর ভিতরে প্রবেশ করে ডুবিয়ে দিয়েছে হাজার হাজার একর গো চারণ ভূমি। বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ খামার ‘বাঘাবাড়ি দুগ্ধ খামার সমিতি’র আওতাভূক্ত প্রায় ৫০ টি বাতানে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে দেখা দিয়েছে, ঘাসের সংকট।

অন্যদিকে চৌহালীতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। চৌহালী উপজেলা ভবন ও অফিসসমূহ যমুনার অব্যাহত ভাঙ্গনে এখন হুমকির মুখে।