ধানমণ্ডি লেকে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু
রাজধানীর ধানমণ্ডির লেকে গোসল করতে গিয়ে সোমবার বিকেলে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দমকল বাহিনী ও হাসপাতাল সূত্র জানায়, নিহতরা হচ্ছে জুবায়ের কবির সৌরভ (১৪) ও মো. জাবির (১৪)। তারা দুজনেই ধানমণ্ডি গভর্নর্মেন্ট বয়েজ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
একটি কোচিং সেন্টারে ক্লাস শেষে বিকেল সাড়ে ৩টার দিকে দুই বন্ধু ধানমণ্ডি লেকে গোসল করতে নামে। তারা অল্প অল্প সাঁতার জানতো। কিন্তু এক সময় তারা লেকের গভীর পানিতে তলিয়ে যায়।
দমকল বাহিনী ও স্থানীয়রা পানির নিচে থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সৌরভের বাবা ১০/৪ সোবহানবাগের বাসিন্দা জাহাঙ্গীর কবির ফারুক। টঙ্গীবাড়ির মুন্সিগঞ্জে তাদের গ্রামের বাড়ি।
জাবিরের বাবা ৭০/৯ শুক্রাবাদের বাসিন্দা জাহাঙ্গীর আলম বাবলু। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান।
