২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা গ্যাসক্ষেত্রের অবস্থা অপরিবর্তিত, ক্ষতিপূরণের দাবিতে মিছিল সমাবেশ

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে আগুন লাগার প্রায় চার দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি। এখনও দাউ দাউ করে জ্বলছে কূপ। শব্দের তীব্রতা বাড়ছে, বাড়ছে এলাকাবাসীর আতঙ্ক। ১৫০ থেকে ২৫০ ফুট উচ্চতায় আগুন ওঠা-নামা করছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এলাকাবাসী নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিতে সোমবার মিছিল সমাবেশ করেছে।

বেলা ১২টায় স্থানীয় টেংরা বাজার সুরমা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক পৌর চেয়ারম্যান মমিনুল মউজউদীন বলেন, এলাকার লোকজন এখন অসহায় অবস্থায় রয়েছে। কেউ তাদের খোঁজ খবর নিচ্ছে না।

তিনি বলেন, নাইকোর অদক্ষতা প্রমাণিত হওয়ার পরও সরকারের লোকজন অবৈধ সুবিধা নিয়ে তাদের আবার কূপ খননের অনুমতি দিয়েছে। এবারও নাইকোর অদক্ষতার জন্যে এ দুর্ঘটনা ঘটেছে।

সমাবেশে বক্তারা ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সরকার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, স্থানীয় চেয়ারম্যান আমিনুল হক বীর প্রতীক প্রমুখ।

এদিকে গ্যাস দুর্ঘটনাস্থল ঘুরে ও প্রত্যক্ষ্যদর্শীদের সাথে আলাপ করে জানা গেছে, এখনও এলাকার লোকজন পুরোপুরি নিরাপদ নয়। নাইকোর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার সীমানা নির্ধারণ করা হয়নি।