লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, ৩ জন গুরুতর আহত
লালমনিরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত বিসিক শিল্প নগরী এলাকায় রোববার রাতে একটি মালবাহী ট্রাকটরের সাথে যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদিতমারী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী টেম্পুর সাথে বিসিক শিল্প নগরী এলাকায় রাত সাড়ে ৯টায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে রাশেদুল ইসলাম (৩২) এবং ইউপি সদস্য শরাফত আলী (৫৫) গুরুতর আহত হয়। লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু ঘটে।
আদিমমারী উপজেলার গোলাম মোস্তফা (২৬), দুলাল (১৮), ডাকু (২৫)কে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রাশেদুলের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বড় মীর্জাপুর গ্রামে। রাশিদুল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ব্র্যাক অফিসের কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।
শরাফত আলী আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য। এব্যাপারে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। কেউ গ্রেপ্তার হয়নি।
