২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা খনির কাছে বিদ্যুত কেন্দ্র নির্মাণ বাধ্যতামূলক

দেশে কয়লা অনুসন্ধানে লাইসেন্স পেতে খনিমুখে বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি বাধ্যতামূলক করা হচ্ছে। খনিতে উৎপাদিত কয়লা থেকে কেন্দ্রটি বিদ্যুত উৎপাদন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ব্যুরো অব মিনারেল ডেভলপমেন্ট (বিএমডি) কে এই নির্দেশ দিয়েছেন।

দেশের কয়লা অনুসন্ধান ও উত্তোলন এবং কোল বেড মিথেন আহরণে বিনিয়োগ করতে আগ্রহী টাটা গ্রুপ ও গ্লোবাল ভলকান এনার্জিকে লাইসেন্স প্রদানে কি করতে হবে তা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্যও তিনি বিএমডি পরিচালককে নির্দেশ দেন।

একই সাথে এশিয়া এনার্জি কর্পোরেশনের কাজের বর্তমান অবস্থা, লাইসেন্স, লিজ প্রদান এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ কোন পর্যায়ে আছে তা নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি।

জ্বালানি বিভাগের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের দ্বিতীয় দিনে জ্বালানি উপদেষ্টা মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্প, বিএমডি, ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি), হাইড্রোকার্বন ইউনিট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) এর কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।

তবে বৈঠকে কেবলমাত্র বড়পুকুরিয়া কয়লা খনি এবং বিএমডি নিয়ে কথা বলেছেন জ্বালানি উপদেষ্টা।

উপদেষ্টাকে প্রথমে বড়পুকুরিয়া কয়লা খনির সর্বশেষ অবস্থা জানানো হয়। বিএমডি’র পক্ষ থেকে দেশে খনিজ আহরণের উপর উপস্থাপনা শেষে উপদেষ্টা তাদের কাছে বিভিন্ন্ বিষয়ে জানতে চান। সূত্র জানায়, এশিয়া এনার্জি কর্পোরেশনের ফুলবাড়ি কয়লা প্রকল্প নিয়ে তার নানা প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।