রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো ভর্তির সময়সীমা বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে পঞ্চমবারের মতো ভর্তির সময়সীমা বৃদ্ধি করায় বিভিন্ন বিভাগে চরম জটিলতার সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে ভর্তি উপ-কমিটির সভায় সময় বাড়ানো হলেও একাডেমিক জটিলতার কারণে বেশ কয়েকটি বিভাগ নতুন করে ছাত্র ভর্তি না করার ঘোষণা দিয়েছে বলে জানা যায়।
এছাড়া সংবাদপত্রে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই ভর্তির সময় বাড়ানোর ফলে সরকারি দলের ছাত্র সংগঠন নিয়ম উপেক্ষা করে কম মেধাবীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের মাধ্যমে ভর্তি করাচ্ছে বলে একাধিক সূত্রে অভিযোগ পাওয়া যায়।
জানা গেছে, রাবি’র বিভিন্ন বিভাগে এক শ’ ২২ টি আসন শূন্য রেখে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের সকল প্রকার ভর্তির কার্যক্রম গত ৮ মে স্থগিত করা হয়। সেই সময় শূন্য আসন পূরণের জন্য বিভাগীয় সভাপতিদের পক্ষ থেকে সময় বাড়ানোর কথা বলা হলেও কর্তৃপক্ষ নাকচ করে দেয়। প্রায় দু মাস পর হঠাৎ করেই গত বৃহস্পতিবার রাবি’র ভর্তি উপ-কমিটির সভায় আগামি ১০ জুলাই পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়। ইতোমধ্যে অধিকাংশ বিভাগের প্রথম সেমিস্টারের কোর্স প্রায় শেষ হয়ে এসেছে। এ অবস্থায় নবাগতরা ভর্তি হলে চরম সমস্যায় পড়বে। ফলে প্রশাসনের এই সিদ্ধান্তকে চরম হঠকারিতা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট বিভাগের সভাপতিরা।
এ ব্যাপারে বিজনেস স্টাডিজ অনুষদের একজন সভাপতি বিডিনিউজকে জানান, আমার বিভাগে শতকরা ৭০ ভাগ ক্লাস শেষ হয়ে গেছে।
তিনি আরও জানান, এ বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং এ সময় যারা ভর্তি হবে তারা কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে?
বিজ্ঞান অনুষদের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সভাপতি জানান, প্রায় ৬০ ভাগ ক্লাস শেষে নতুন করে ছাত্রছাত্রী ভর্তি করালে চরম সমস্যায় পড়তে হবে।
