জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ অর্থবছরের বাজেট ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ অর্থবছরের জন্য মোট ৩৬ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে। ১ কোটি ৫ লক্ষ ৯৭ হাজার টাকার ঘাটতি নিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পেশ করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক এবিএম এনায়েত হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই সর্ববৃহৎ বাজেট। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মূল বাজেট ছিল ৩১ কোটি ১ লক্ষ টাকা এবং সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ৩১ কোটি ৯৬ লক্ষ টাকা। ২০০৫-০৬ অর্থবছরের জন্য ৩৬ কোটি ২৩ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেটে বরাবরের মতোই সিংহভাগ বরাদ্দ দেয়া হয়েছে বেতন-ভাতা খাতে। শিক্ষাখাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬১ লক্ষ ৯১ হাজার টাকা।
এবারের বাজেটের ৮ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার টাকা ২৪টি বিভাগের শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা খাতে বরাদ্দ দেয়া হয়েছে। প্রশাসনিক অফিসসমূহের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লক্ষ ৪১ হাজার টাকা। এছাড়া ছাত্রবৃত্তি ও ফেলোশীপ খাতে ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে এ বছরই প্রথম ইন্টারনেট সংরক্ষণ খাতে ১ লক্ষ টাকা এবং রোভার স্কাউট খাতে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সূত্র জানায়, বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে সিনেট অধিবেশন শুরু হবে। ২৪তম বার্ষিক এ সিনেট অধিবেশনে বিবিধসহ মোট ৫টি আলোচ্যসূচী উপস্থাপিত হবে। আলোচ্যসূচীর মধ্যে রয়েছে উপাচার্যের ভাষণ ও আলোচনা, ২৩তম বার্ষিক সভার রিপোর্ট অনুমোদন, ২০০৪-০৫ অর্থবছরের (সংশোধিত) এবং ২০০৫-০৬ অর্থবছরের মূল বাজেট অনুমোদন, ২০০৩-০৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকুরি থেকে অবসরগ্রহনের ক্ষেত্রে সিন্ডিকেটের সুপারিশ বিবেচনা।
এছাড়া, ২০০৫-০৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সিনেট অধিবেশনে মোট ৮৫ জন সিনেট সদস্য অংশগ্রহন করবেন বলে জানা গেছে।
সিনেট সভা পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ও সিনেট সচিব কাজী মহিউদ্দিন।
