গণনিয়োগ মামলা হাইকোর্টে অবৈধ ঘোষণায় রাবি উপাচার্য্য কার্যালয় ঘেরাও, সুপ্রিম কোর্টে আপিলের প্রস্তুতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ও বিতর্কিত ৫৪৪ কর্মচারির নিয়োগ হাইকোর্টে অবৈধ ঘোষিত হবার পর রোববার সকালে কর্মচারিরা উপাচার্য কার্যালয় ঘেরাও করে। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে জানান উপাচার্য ও উপ-উপাচার্য ।
কর্মচারিরা উপাচার্য প্রফেসর আলতাফ হোসেনের সাথে সাক্ষাৎ করে ৫৪৪ কর্মচারিকে স্থায়ী নিয়োগের দাবি জানায়।
উপাচার্য হাইকোর্টের আদেশের চিঠি না আসা পর্যন্ত কর্মচারিদের কাজ করে যাবার নির্দেশ দেন। উপাচার্য কর্মচারিদের আরও জানান, হাইকোর্টের চিঠি আসার পরে এ ব্যাপারে সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আব্দুস সালাম জানান, রায় হলেও এখনও আদালতের লিখিত নির্দেশ তারা পাননি। তবে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এজন্য ওকালতনামা তৈরি করা হচ্ছে।
২০০৪ সালের ১৫ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ না করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫০টি শুন্য পদে অস্থায়ী ও দৈনিক মজুরি ভিত্তিতে ৫৪৬ জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োগ দেয়ার প্রেক্ষিতে রাজশাহী বারের সদস্য এ্যাড. আবু আসলাম বাদী হয়ে রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালতে জনস্বার্থ বিরোধী একটি মামলা দায়ের করেন। ২৩ জুন আদালত মামলার বাদী পক্ষের রিটে আদালত ওই কর্মচারিদের দ্বারা কাজ করানো ও বেতনভাতা প্রদান ও স্থায়ীকরণের উপর নিষেধাজ্ঞা জারি করে।
