টেংরাটিলার আগুন জ্বলছে
আষাঢ়ের প্রবল বর্ষনের টেংরাটিলা নামে পরিচিত দুর্ঘটনা কবলিত ছাতক গ্যাস ক্ষেত্রে আগুন জ্বলছে। আজ রোববারও আগুনের শিখা ১০০-১২০ ফুটের মধ্যে ওঠানামা করে। কখনো কখনো তা ২০০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠে।
দুর্ঘটনাস্থলের আশপাশে কয়েক দফা মৃদু ভু-কম্পন অনুভুত হয়। দুই কিলোমিটার দূর থেকে গ্যাস ফিল্ডের প্রচন্ড শব্দ শোনা যাচ্ছে। আগুনের সাথে বেরিয়ে আসছে ধুলোবালি।
বিকেলে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, দুর্ঘটনা তদন্তে আরো একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। দুই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।
দুপুর দুইটা দশ মিনিটে কানাডার ‘সেফটি বস’ কোম্পানির দুইজন বিশেষজ্ঞ হেলিকপ্টার যোগে ঘটনাস্থলে এসে পৌঁছেন। নাইকো তাদের ভাড়া করে নিয়ে এসেছে।
মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এবারের আগুন আগের আগুনের চেয়ে কম। আমি মনে করি এবার আগুন নিয়ন্ত্রণ সহজ হবে। এ অগ্নিকান্ডের ঘটনায় বাপেক্স ও নাইকো কেউ অবহেলা করে থাকলে শাস্তি পেতে হবে।
পরে টেংরা বাজারে জনগনের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি বলেন, আমাকে কথা দিন নাইকোর কাজে আপনারা বাধা দিবেন না। আমি আপনাদের সব দাবি ১২ দিনের মধ্যে পূরণ করবো।
তিনি স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করে পরিস্থিতি মোকাবেলার সকল পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। এ সময় জ্বালানি উপদেষ্টার সঙ্গে স্থানীয় সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সিলেট গ্যাস ফিল্ড এবং বাপেক্সের পদস্থ কর্মকর্তাগণ।
জ্বালানি উপদেষ্টা পরে জানুয়ারির দুর্ঘটনায় স্থানীয় জনগণের ক্ষতি হিসাবে নির্ধারিত ১ কোটি ১৩ লাখ টাকার মধ্যে নাইকোর দেয়া ১২ লাখ টাকার চেক হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এই ক্ষতিপূরণ পাবে। বাকি টাকা আগামী ৭ দিনের মধ্যে প্রদানের জন্যে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এদিকে, রিলিফ কূপ খননকালে দূর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি রোববার জ্বালানি উপদেষ্টার সাথে এক বৈঠকে মিলিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে তদন্ত কমিটির পাঁচ সদস্য জ্বালানি মন্ত্রনালয়ের যুগ্ম সচিবের কক্ষে বসে নিজেদের মধ্যে প্রাথমিক কথাবার্তা বলেছেন।
কমিটির দুই সদস্য সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক রহমান মোর্শেদ এবং পেট্রোবাংলার সিনিয়র মহাব্যবস্থাপক কাজী শহিদুর রহমান সিলেটে থাকার কারণে সভায় উপস্থিত ছিলেন না।
তদন্ত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) সভাপতি আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এর সদস্য-প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির পরিচালক প্রফেসর নুরুল ইসলাম, আরপিজিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলে এলাহী, হাইড্রকার্বন ইউনিটের জ্বালানি বিশেষজ্ঞ মীর মাইনুল হক এবং সদস্য সচিব ও জ্বালানি মন্ত্রণালয়েল যুগ্ম সচিব (প্রশাসন/ অপারেশন) শেখ আবদুর রশিদ।
বিডিনিউজের সাথে আলাপকালে কমিটির একজন সদস্য বলেন, আজ কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। তবে আগামীকাল জ্বালানি উপদেষ্টার সাথে বৈঠকের পর কমিটি বসে কর্ম পদ্ধতি নির্ধারণ করবে। আর তখন চূড়ান্ত করা হবে কমিটি কখন দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবে।
উল্লেখ্য, জয়েন্ট ভেঞ্চারের আওতায় কর্মরত কানাডিয়ান কোম্পানি নাইকো রিলিফ কূপ খনন কালে শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৭ জানুয়ারি খননকালে এখানে প্রথম দূর্ঘটনা ঘটে। সে দূর্ঘটনাজনিত গ্যাস নির্গমন পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে রিলিফ কূপ খনন করা হচ্ছিল।
