দেশে প্রতিদিন বিদ্যুৎ ঘাটতি দুই থেকে তিনশ’ মেগাওয়াট
সারা দেশে ২৩ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে চার হাজার একশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দু’টি ইউনিট বিকল হয়ে আছে। দেশে প্রতিদিন বিদ্যুৎ ঘাটতি দুই থেকে তিন শ’ মেগাওয়াট।
সাংসদ গোলাম মো. সিরাজের এক প্রশ্নের জবাবে রোববার বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, পিক আওয়ারে সারা দেশে তিন হাজার নয় শ’ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার কাপ্তাই-৫ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম এ বছরের ডিসেম্বরের মধ্যে এবং কাপ্তাই-৪ ইউনিটের উৎপাদন কার্যক্রম আগামী বছরের মধ্যে পুনারায় চালু করবে।
অন্য এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৬০ লাখ ২১ হাজার (২০০৫ সালের এপ্রিল পর্যন্ত)।
তিনি জাতীয় সংসদকে জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিগত অর্থবছরে ১৫ হাজার পাঁচ শ ৯৮ দশমিক ২৮ লাখ টাকা আয় করে এবং এ সময়ে ব্যয় হয়েছে পাঁচ হাজার ছয় শ’ তিন দশমিক শূন্য চার লাখ টাকা।
