২১ আগষ্ট গ্রেনেড হামলা: জর্জ মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় গ্রেফতারকৃত জর্জ মিয়া রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
রোববার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত কার্যালয়ে সে জবানবন্দী দেয়। জর্জ মিয়া তার বক্তব্যে জানায়, সুব্রত বাইন, মোল্লা মাসুদ, রবীন, মুকুল জয়সহ ১৩/১৪ জন এই অপরাশেনে অংশ নিয়েছিল।
সকাল ১১ টায় একটি নীল পিক আপ ভ্যানে করে সিআইডি পুলিশ তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসে। দুপুর ১২ টায় তাকে ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের খাস কামরায় ঢোকানো হয়। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেবে কিনা সেটা ভাবতে তাকে আড়াই ঘন্টা সময় দেয়া হয়। দুপুরে খাওয়ার পর আড়াইটায় সে জবানবন্দী দেয়া শুরু করে।
জর্জ মিয়া জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ এবং জয় এই তিন বড় ভাইয়ের নির্দেশে রবীন ও মুকুল নামের ২ জন জর্জ মিয়ার সাথে যোগাযোগ করে। রবীনের মাধ্যমে ঘটনার কয়েকদিন আগে রবীনের মগবাজারের বাসায় সুব্রত বাইনসহ সবাই আলোচনায় বসে এবং সিদ্ধান্ত নেয় ২১ আগস্টের হামলার। পরে ২০ আগস্ট সন্ধ্যায় বায়তুল মোকাররক মসজিদের ঘাসের চত্ত্বরে সুব্রত বাইন ছাড়া পুরো গ্রুপ বসে হামলার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়। রবীন সে সময় সবাইকে ৫ হাজার টাকা করে দেয়। তাদের বলা হয়, গ্রেনেড যেন মঞ্চে না পড়ে তাহলে সুব্রত বাইন নাখোশ হবেন। তার ক্ষতি হবে।
ঘটনার দিন নির্দেশ মোতাবেক তারা ৪ টি গ্রুপে ভাগ হয়। জর্জ মিয়ার দায়িত্ব ছিলো গুলিস্তান সিনেমা হালের সামনে অবস্থান নেয়ার। সে সময় তার হাতে গ্রেনেড ধরিয়ে দেয়া হয়। এ সময় গ্রেনেডের শব্দ শুনে তার হাত থেকে গ্রেনেডটি পড়ে যায়। এরপর সে নিজবাড়ি নোয়াখালীতে পালিয়ে যায়। কিছুদিন পরে টঙ্গীর আমতলিতে ডাইল খেতে যেয়ে তার বন্ধু ডালিমের কাছে বলে আমার হাত খালি। ১০ হাজার টাকা পাওয়ার কথা থাকওলেও পেয়েছি ৫ হাজার। ডালিম যে পুলিশের একজন সোর্স এ কথা জর্জ মিয়া জানাতো না।
গত ১০ জুন রাজধানীর মহাখালির সাততলা বস্তি এলাকা থেকে জর্জ মিয়াকে গ্রেফতার করা হয়।
২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামীলীগ সভাপতি মন্ডলির সদস্য আইভি রহমানসহ ২৩ জন নেতা-কর্মী নিহত এবং তিন শতাধিক আহত হয়। শেখ হাসিনা ওই হামলার কবল থেকে অল্পের জন্য রক্ষা পান।
ওই ঘটনার ১০ মাস পরেও দেশের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ এখনো কোনো অভিযোগ গঠন করতে পারেনি।
এই ব্যর্থতার সূত্র ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোল সদস্যরা বাংলাদেশে এসে ঘটনার তদন্তে পুলিশসহ দেশীয় গোয়েন্দা সংস্থাগুলোকে পরামর্শ দিচ্ছে।
