২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙ্গন: হুমকির মুখে জনপদ

যমুনায় আকস্মিকভাবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ৬ কিলোমিটার জনপদ এখন যমুনার ভয়াবহ ভাঙ্গনে বিপন্ন। নদীগর্ভে বসতবাড়ি, ফসলী জমি হারিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ নিঃস্ব হচ্ছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 12:26 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জানা যায়, গত এক সপ্তাহে তেওতা ইউনিয়নের ৪টি গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ভয়াবহ এ ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছে যমুনার তীরবর্তী বাসিন্দারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী তীরবর্তী বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়ে অল্প সময়ের মধ্যেই তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের কবলে পড়ে বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

গত কয়েকদিনের ব্যবধানে তেওতা ইউনিয়নের সাতুরিয়া, মালচী, গোপালপুর ও জাফরগঞ্জ এলাকার শ‘ শ‘ একর ফসলী জমি, বসতবাড়ি গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সাতুরিয়া গ্রামের সাকের আলী শেখ বিডিনিউজকে জানান, তার ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। পরিবার-পরিজন নিয়ে সে এখন আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী বেড়িবাঁধে। সাকের আলীর মত বহু পরিবার সব কিছু হারিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, তিনি ৮ বার নদী ভাঙ্গনের শিকার হয়েছেন। স্থানীয় বেড়িবাঁধই এখন তার শেষ আশ্রয়স্থল।

জাফরগঞ্জ বাজারের ব্যবসায়ী রহমান বলেন, ভাঙ্গনের কবলে পড়ে প্রতিবছরই দোকানপাট সরাতে হয়। এবার বর্ষার শুরুতেই যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, তাতে বাজারের অস্তিত্বও বিলীন হয়ে যাবে।

ভাঙ্গনের শিকার অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আরিচা-জিয়নপুর বেড়িবাঁধ। এই বাঁধের দু‘পাশে ছোট ছোট ঝুপড়ি ঘর তুলে প্রায় সহস্রাধিক পরিবার অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। বেড়িবাঁধে আশ্রিতরা অভিযোগ করেছে, সরকারি-বেসরকারি কোনও সংস্থাই তাদের সাহায্য করছে না।

ভাঙ্গন কবলিত এলাকার লোকজন বিডিনিউজের কাছে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ”আপনারা (সাংবাদিক) কেন আইছেন ? প্রত্যেক বছরইতো আমাগো সংবাদ লেখেন, ছবি ছাপেন। তাতে লাভ কি ? সবাই শুধু ভাল ভাল কথা কয়ে কাইটে পড়ে। বছরের পর বছর জমি-জিরাত হারাইয়া পথের ফকির হইলাম। আমাগো থাকনের জায়গা নাই, পেটে ভাত নাই, পিন্দনের কাপুড় নাই ওষুধ নাই। এগুলান দিবো কিডা?”