শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ
মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী দাতোর সেরি নাজিব রান রাজ্জাক বলেছেন, তার দেশ বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে বৈঠকের সময় মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী ও বিদেশী শ্রমিক বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির চেয়ারম্যান বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিতে ইচ্ছুক।
মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামিক উন্নয়ন ব্যাংকের গভর্ণর বোর্ডের ৩০তম বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য অর্থমন্ত্রী সাইফুর রহমান এখন সেদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার অবস্থানকালে তিনি সেদেশের প্রধানমন্ত্রী দাতো সেরি আবদুল্লাহ আহমেদ বাদাবি ও উপ প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।
অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বাংলাদেশী সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধিতে তাদের গভীর আগ্রহের কথা জানিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। তার আগ্রাহের প্রেক্ষিতে সাইফুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সেদেশে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি ড. আহমাদ মোহাম্মদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আইডিবি’র সহায়তা ও সহযোগিতা আরও বৃদ্ধির ব্যাপারে মতবিনিময় করেন।
