২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট আলোচনাঃ এমপিদের ফ্রিস্টাইল বক্তব্য

সংসদে ২০০৫-২০০৬ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে শেষ সপ্তাহের সাধারণ আলোচনা ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যদের আলোচনায় সরব হয়ে ওঠে। তবে তারা বাজেট নিয়ে আলোচনা করেছেন খুব সামান্যই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জোটের সাংসদরা বিশেষ করে তরুণ এমপিরা বাজেট সম্পর্কে আলোচনার জন্য তাদের নির্ধারিত সময়ের অনেকাংশই ব্যয় করেছেন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে বিরোধীদল আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনার সমালোচনা করে।

বিএনপি দলীয় সাংসদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রকৃত সত্য উদঘাটনের জন্য শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। অন্যরা ‘বিদেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা’ চালনোর জন্য শেখ হাসিনা ও ড. কামাল হোসেনকে দায়ি করেন।

বাজেট নিয়ে আলোচনার এক পর্যায়ে সংসদ সদস্যদের অনেকে সম্প্রতি বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জনগণ বিকল্প খুঁজবে বলে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন।

তাদের বাজেট সম্পর্কিত আলোচনা কেন্দ্রীভূত ছিল কেবল কালো টাকা সাদা করার সুযোগ এবং মোবাইলের সিম কার্ডের ওপর করারোপ করা বিষয়ে।

স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বাজেটের ওপর আলোচনার জন্য মোট ৩৪ ঘন্টা বরাদ্দ করেন। গত ১৫ জুন এ আলোচনা শুরু হয়। ২০০৫-২০০৬ সালের অর্থবিল পাশ হবে আগামী ২৯ জুন এবং পরের দিন পাশ হবে সংযুক্ত তহবিলে অর্থ বরাদ্দের বিল (অ্যাপ্রোপ্রিয়েশন বিল)।

চার দলীয় জোটের ৫০ জন সাংসদসহ মোট ৫৫ জন সাংসদ বাজেট আলোচনায় অংশ নেন। এর মধ্যে বিএনপির ৪০ জন, জামায়াতের নয়জন, ইসলামী ঐক্যজোটের একজন ও বিরোধী দল জাতীয় পার্টির পাঁচজন সাংসদ আলোচনায় অংশগ্রহণ করেন।

বিরোধী দল চলমান অধিবেশনে অংশ না নেয়ায় স্পিকার ট্রেজারি বেঞ্চের সদস্যদের দীর্ঘ সময় ধরে আলোচনার সুযোগ দেন। তিনি প্রস্তাবিত এ বাজেট ও অর্থমন্ত্রীর প্রশংসা করেন। তিনি একে সময়োচিত, জনগণের স্বার্থ সংরক্ষণকারী ও ঐতিহাসিক বাজেট বলে অভিহিত করেন।

অর্থমন্ত্রী গত ১৯ জুন সংসদে উপস্থিত ছিলেন না। এরপর ২০ ও ২১ জুন সংসদে উপস্থিত থেকে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) গভর্ণর বোর্ডের বার্ষিক সভায় অংশ নেয়ার জন্য তিনি ২২ জুন আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আগামী ২৫ জুন তিনি দেশে ফিরবেন।

শেষ সপ্তাহের অধিবেশনে বাজেট আলোচনা ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দুটি বিষয়ে আলোচনা করেন। একটি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর পদত্যাগ এবং অন্যটি ছিনতাইয়ের সময় জনতা ও পুলিশ কর্তৃক দুই ছাত্রদল নেতা আটক বিষয়ে।

রোববার অধিবেশন আবার শুরু হবে।