২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা সগীর খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সগীর আহমেদ শুক্রবার পুরান ঢাকায় নিজ বাসভবনের সামনে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এ সময় জনতার গণপিটুনিতে এক ঘাতক গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। র‌্যাব-২ এর মেজর আলী বিডিনিউজকে এ তথ্য জানান।

মৃত্যুর আগে নিহত হামলাকারী নিজের নাম শাওন বলে জানায়। সে নিজেকে কেরানীগঞ্জের অধিবাসী বলেও দাবি করে। এ তথ্য র‌্যাব, পুলিশ ও হাসপাতাল সূত্রের।

হত্যাকান্ডের পর গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে রফিক নামে টহল পুলিশের এক হাবিলদারও আহত হয়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহত যুবদল নেতার খালাতো ভাই জাভেদ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনস্থ সোনা মিয়া আল-ফালাহ মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হয়ে কয়েক গজ যাওয়ার পরপরই নিজ বাসভবনের গলির মুখে ঘাতক স্কোয়াডের কমপক্ষে তিন সদস্য সগীরের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে।

এ সময় সগীরের সাথে থাকা তার পাঁচ বছরের একমাত্র ছেলে তৌসিফ দৌড়ে বাসায় গিয়ে খবর দেয়। ঘটনাস্থলেই সগীরের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

গুলির শব্দে স্থানীয় লোকজন ঘাতকদলকে ধাওয়া করলে তারা জেলা পরিষদ ভবনের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশও জনতার সাথে খুনীদের ধাওয়া করে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে হাবিলদার রফিক গুলিবিদ্ধ হয়।

গুলির শব্দে টহলরত র‌্যাব এর দুই সদস্যের একটি দল এ সময় গলির মুখে এসে পলায়নরত ২০-২২ বছরের এক তরুণকে দেখতে পায়। এ সময় র‌্যাব সদস্যরা তাকে জাপটে ধরে ফেলে এবং তার অস্ত্র কেড়ে নেয়। এ সময় ধাওয়া করে আসা উত্তেজিত জনতা র‌্যাবের কাছ থেকে ঘাতক যুবককে কেড়ে নিয়ে গণধোলাই দেয়। মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়।

হত্যাকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব-২ এর মেজর আলী বিডিনিউজকে জানান, আমি নিশ্চিত যে, ঘাতক যুবকটি পুলিশের গুলিতে নিহত হয় নাই। তাকে উত্তেজিত জনতা গণধোলাই দিলে সে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

অপরদিকে মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, ধৃত ঘাতক শাওনের মৃত্যু হয়েছে গুলিতে। শাওনের বামচোখ ভেদ করে গুলি বেরিয়ে যাওয়ায় তার খুলি উড়ে গেছে বলে হাসপাতাল সূত্র দাবি করেছে।

ওই এলাকার নিরাপত্তা গেটের মুখেই এই নৃশংস হত্যাকান্ড ঘটলেও এসময় সেখানে কোন নিরাপত্তা রক্ষী ছিলো না বলে এলাকাবাসী জানায়। তারা জানায়, সাধারণত রাতেই নিরাপত্তা রক্ষীরা এলাকা পাহারায় থাকে। স্থানীয় একটি সমাজকল্যান সংস্থা এই নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত।

হত্যাকান্ডের কারণ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) মাহবুবুর রহমান বলেন, হত্যাকারী যারাই হোক, তারা যে পেশাদার এবং ভাড়াটে খুনী এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

অপরদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, পুরনো ঢাকার ত্রাস এবং সগীরের প্রতিপক্ষ হাবিব ওরফে ভুয়া হাবিব এবং শোয়েব ওরফে ল্যাংড়া শোয়েবের গ্রুপ এই হত্যাকান্ড ঘটায়।

সূত্র জানায়, হত্যাকান্ডের কিছুক্ষণ আগে দুপুর সাড়ে বারটার সময় হাবিব এবং তার বাহিনী রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ভবনের সামনে জড়ো হয় এবং পুরো মিশন নিয়ে আলোচনা করে। এসময় তার সাথে ল্যাংড়া শোয়েবও ছিলো বলে সূত্র জানায়।

জগন্নাথ হলের ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এবং পুরান ঢাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবিবের সাথে সগীরের বিরোধের সূত্রপাত বলে সুত্র দাবি করে।

ঘটনার পর জগন্নাথ কলেজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ময়না তদন্তের জন্য সগীর ও শাওনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চারভাই ও এক বোনের মধ্যে সগীর ছিলেন দ্বিতীয়। ৮২/১, নাসিরউদ্দিন সরদার রোডের নিজ বাসভবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা নিয়ে বসবাস করতেন।

উল্লেখ্য, শুক্রবার ছিলো সগীরের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার বাসায় মিলাদ মাহফিলের আয়োজন চলছিলো বলে নিহতের খালাতো ভাই জাভেদ জানান।

ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস এমপি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম, নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা তার লাশ দেখতে ঢাকা মেডিকেল কলেজে যায়।

ঢাকা মহানগর বিএনপি’র সভাপতি মেয়র সাদেক হোসেন খোকা এমপি এবং সাধারন সম্পাদক আব্দুস সালাম এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগর যুবদল দক্ষিনের সাধারন সম্পপাদক সগীর হত্যাকান্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।