সংসদে আমলাতন্ত্রের তীব্র সমালোচনা
প্রস্তাবিত বাজেট সম্পর্কে আলোচনায় বিএনপির সাংসদ এমএ হাশেম দেশের আমলাতন্ত্রের তীব্র সমালোচনা করে বলেছেন, আমলাতন্ত্রের কারণে দেশের উন্নয়ন ব্যহত হচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নের প্রয়োজনে আমলাতান্ত্রিক জটিলতার অবসান দরকার।
বৃহস্পতিবার স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। পরে ২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর মোট ১৩ জন সদস্য।
এরা হচ্ছেন বিএনপির আব্দুল মোমিন তালুকদার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাঈদ ইস্কান্দার, হেলালুজ্জামান তালুকদার, নাসের রহমান, এমএ হাসেম, জিএম ফজলুল হক, মাহমুদুল হাসান, মোয়াজ্জেম হোসেন আলাল ও শামসুজ্জোহা খান, জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী এবং জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী ও মওলানা আব্দুল আজিজ।
মাগরিব নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বৈঠকে সভাপতিত্ব করেন। অধিবেশন ২৬ জুন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে এমএ হাশেম বলেন, বিশ্বের প্রতিটি দেশের এয়ারলাইন্স লাভজনক অবস্থায় রয়েছে, শুধু বাংলাদেশ বিমান ছাড়া। এরপরও লোকসানি এই প্রতিষ্ঠানের জন্য আরও ছয় হাজার কোটি টাকা ব্যয়ে বিমান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, এটা কার স্বার্থে করা হচ্ছে।
নাসের রহমান বলেন, কালো টাকা সাদা করার জন্য প্রস্তাবিত বাজেটে দেওয়া কর প্রস্তাব সাড়ে সাত শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশে উন্নীত করা দরকার। তিনি মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত করও কমানোর প্রস্তাব করেন।
শামসুজ্জোহা খান তার বক্তব্যে মোবাইলের সিম কার্ডের ওপর কর হ্রাস ও কলচার্জ মাত্র দুই টাকা নির্ধারণের প্রস্তাব করেন।
