২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএসএআইডি-র অর্থায়নে পরিচালিত দিনাজপুর ক্লিনিক জরুরি প্রসূতি সেবা প্রদানে সরকারি অনুমোদন লাভ করেছে

জরুরি প্রসূতি সেবা প্রদানকারী ক্লিনিক হিসেবে ইউএসএআইডি-র অর্থায়নে পরিচালিত দিনাজপুরের একটি ‘সূর্যের হাসি’ চিহ্নিত স্বাস্থ্যসেবা ক্লিনিক বুধবার সরকারি অনুমোদন লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের ক্লিনিক্যাল কণ্ট্রাসেপ্টিভ বিষয়ক সহকারী পরিচালক ড. পরিতোষ পাল, দিনাজপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ড. ফয়সাল আলম, কনসালট্যান্ট ড. আয়শা আখতার, শিশু বিশেষজ্ঞ ড. মশিউর রহমান, এবং দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান শফিকুল হক ছুটুু। এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ খবর পাওয়া যায়।

ইউএসএআইডি-র অর্থায়নে পরিচালিত ৩৭টি বেসরকারী সংস্থার সমন্বয়ে এনজিও সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম (এনএসডিপি)’র আওতায় গঠিত কাঞ্চন সমিতির ছ’টি ক্লিনিকের একটি হচ্ছে দিনাজপুর ক্লিনিক। ‘এনএসডিপি’ স্বাস্থ্যসেবা প্রকল্পের একটি প্রধান অংশই হচ্ছে মাতৃস্বাস্থ্য সেবাসমূহ।

এ নতুন সরকারি অনুমোদন প্রাপ্তির ফলে কাঞ্চন দিনাজপুর ক্লিনিকে সিজারিয়ান অপারেশন, নিরাপদ প্রসূতি সেবা, স্বল্প মূল্যে আল্ট্রাসনোগ্রাম সেবা এবং প্রসূতিপূর্ব সেবা প্রদানসহ জরুরি প্রসূতি সেবাসমূহ প্রদান করা হবে।

বর্তমানে এসব নতুন সেবার পর্যাপ্ততার ফলে দিনাজপুর এলাকায় সন্তান জন্ম দেওয়ার সময় এবং প্রসব পরবর্তী জটিলতার কারণে মাতৃমৃত্যুর হার হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।