গোপালগঞ্জে বাচ্চু হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন
গোপালগঞ্জে চাঞ্চল্যকর বাহারুল ইসলাম বাচ্চু হত্যা মামলায় ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো-রফি মোল্লা, জামান শেখ, তারুক শেখ, রবিউল মোল্লা, জাকির মোল্লা, টিপু শেখ, সাহাবুদ্দিন মোল্লা, মামুন মোল্লা, সিরাজ মোল্লা, পল্টু শেখ, আব্দুল হালিম ফকির, লুৎফর মোল্লা, সেলিম মোল্লা, ফুল মিয়া, ফকির ফিরোজ শেখ, ইদ্রিস শেখ এবং ফরিদ শেখ।
এ মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৫ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা লোহার রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে বাচ্চুকে হত্যা করে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়।
ঘটনার দুই দিন পর ২৭ আগস্ট কাশিয়ানি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ১৮ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি কাজী নজরুল ইসলাম ও আসামি পক্ষে অ্যাডভোকেট ফজলুল হক খান খোকন।
