বিয়ে প্রতারণা মামলায় বিদিশার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে
বিয়ে প্রতারণা মামলায় বিদিশার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলায় বিদিশার অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর এ আদেশ দেন।
বৃহস্পতিবার এ মামলায় নিম্ন আদালতের নথিসহ জামিনের বিষয়ে রিভিশন আবেদন শুনানি ও জামিন স্থায়ী করার জন্যে দিন ধার্য ছিল। বিদিশার আইনজীবী কেএম সাজাওয়ার হোসেন রিভিশন আবেদন মুলতবী রাখার প্রার্থনা করেছেন। কেননা আসামির উপস্থিতি ছাড়া জামিন স্থায়ীকরণের আদেশ দেওয়া যায় না।
বর্তমানে মানি লন্ডারিং মামলায় বিদিশাকে শো’ন অ্যারেস্ট দেখিয়ে পিজি’র প্রিজন সেলে রাখা হয়েছে। এ মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজ তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়নি। মানি লন্ডারিং মামলায় গত বুধবার হাইকোর্টে তার পক্ষে জামিন চাওয়া হলে শুনানির পর আগামি শনিবার আদেশের ব্যাপারে দিন ধার্য করা হয়।
আদালতে আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, বিয়ে প্রতারণার এ মামলায় ১৬ জুন এ আদালতের জামিনের রিলিজ অর্ডার নিয়ে কারাগারে যাওয়া হলে দীর্ঘ সময় পর কারা কর্তৃপক্ষ জানান, বিদিশার বিরুদ্ধে গুলশান থানায় বিদেশে টাকা পাচার সংক্রান্ত একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ কারণে আপনার আদেশের পরও বিদিশা কারাগার থেকে মুক্ত হতে পারেননি।
আইনজীবী আরও বলেন, এ মামলায় জামিন পেলেও তার ফল ভোগ করতে পারেননি বিদিশা। তিনি এ মামলায় ইতোপূর্বে প্রাপ্ত অন্তবর্তী জামিনের কোন শর্ত ভঙ্গ করেননি। তাই এ মামলায় তার জামিন স্থায়ী হওয়া আবশ্যক। আদালত যদি মনে করেন অভিযুক্তের উপস্থিতিতে জামিন স্থায়ীকরণের বিষয়টি শুনবেন, সেক্ষেত্রে আদালত অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে পারেন।
বিয়ে প্রতারণার মামলাটি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করেন স্বয়ং এরশাদ। কেরানীগঞ্জ এলাকার একটি কাজী অফিসে বিদিশা তার আগের স্বামী পিটার উইলসনের সঙ্গে বিবাহ বহাল থাকার তথ্য গোপন করে এরশাদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করেন বলে মামলার আরজিতে বলা হয়।
