বেনাপোল এলাকায় এইডস সংক্রমণের আশঙ্কা
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে এখন এইডস্ বিস্তারের মারাত্মক আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশী ও এইডস্ আক্রান্ত ভারতীয়দের মধ্যে অবাধ মেলামেশার সুযোগে এ আশঙ্কা অনেক বেড়ে গেছে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, পাসপোর্টবিহীন এইডস্ আক্রান্ত অনেক ভারতীয় নাগরিকের বন্দরে লাগাতার অবস্থান ও বাংলাদেশী যৌনকর্মীদের সাথে অবাধ যৌনাচারের কারণে দেশে এই রোগ বিস্তারের ঝুঁকি আরও বেড়েছে। এছাড়া চোরাই পথে অবৈধ যাতায়াত ও চোরাই পণ্য বিনিময়ের সুযোগে বাংলাদেশে এ রোগের আশঙ্কা প্রবল হয়ে উঠছে।
ভারত থেকে প্রকাশিত এক সমীক্ষায় জানা যায়, বর্তমানে ভারতে এইডস আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৩০ হাজার। এদের অনেকেই ট্রাক ড্রাইভার ও খালাসি। তাদের অনেকেই দেশের বাইরে গিয়ে কাজ করা শ্রমিক। কোনও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এরা পণ্য রপ্তানির অজুহাতে বাংলাদেশে প্রবেশ করে। কাস্টমসে বিভিন্ন ধরনের পণ্য জটের কারণে তাদের ১০/১৫ দিন বন্দরে অবস্থান করতে হয়। এ সময় তারা এখানকার ভ্রাম্যমাণ যৌনকর্মী, কাজের মেয়ে, রাঁধুনী ও রেস্টহাউজে নিয়োজিত মহিলাদের সাথে অবাধ যৌনাচারে মিলিত হয়। বিশেষ করে কাস্টমস্ কলোনী ও ট্রাক টার্মিনালে এখন যৌনকর্মীদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে।
ভারতের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পরিসংখ্যানে জানা যায়, প্রতিদিন বেনাপোলে অবস্থানকারী ভারতীয় নাগরিকের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজার। এদের আধিকাংশই মাদকসেবী। মাদক গ্রহণে তারা বেশ কয়েকজনে একটি মাত্র সিরিঞ্জ ব্যবহার করে। এছাড়া এদের মধ্যে যারা যৌনকর্মে মিলিত হয় তাদের দ্বারা এইডস ছড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক মিত্র আয়েস্থা বলেছন, এদের বেশির ভাগই এইডস্ আক্রান্ত।
অভিযোগ রয়েছে, অধিকাংশ মহিলা চোরাচালানিরা ভারত থেকে পণ্য আনা-নেওয়ায় অনেক সময় ওপারে দেহদানের বিনিময়ে এ ব্যবসার সুযোগ গ্রহণ করে। এসব ক্ষেত্রে কোনও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে না। এছাড়া বন্দরের দু দিকে রয়েছে মানুষ পাচারের আটটি ঘাট। বৈধ পথে যা যায় তার তিন গুণ যায় অবৈধ পথে। এভাবে ভারতীয় নাগরীকদের অবাধ যাতায়াত, অবস্থান ও যৌনাচারের কারণে বাংলাদেশে ব্যাপক হারে এইডস ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্রতর হচ্ছে। এ ব্যাপারে ওই এলাকায় সচেতনতা বৃদ্ধিতে দু-একটি এনজিও কাজ চালিয়ে গেলেও বাংলাদেশের প্রশাসনের তেমন কোনও উদ্যোগ নেই।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসেব অনুযায়ী, ২০০৩ সালে ভারতে এইডস্ আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ ২০ হাজার। পরবর্তীতে ২০০৪ সালে আরও ২৮ হাজার বেড়েছে। তবে জাতিসংঘের হিসেবে এ সংখ্যা ৮৫ লাখ। নয়াদিল্লি ভিত্তিক এইডস সেচ্ছাসেবী সংস্থা নাজ ফাউন্ডেশনের মতে এ রোগে আক্রান্তের সংখ্যা দেড় কোটি।
