নরসিংদী-১ আসনে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম, অপ্রীতিকর ঘটনা
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নরসিংদী-১ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। খুব অল্প সংখ্যক ভোটারই এ নির্বাচনে অংশ নেন।
নরসিংদী শহরের অধিকাংশ ভোট কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্নার পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
শহরের ব্রাক্ষণদী উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ, সাটির পাড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী মুন্নার কোনো পোলিং এজেন্ট নেই।
অন্যদিকে, নরসিংদী সদর থানার দক্ষিণাঞ্চল মাধদী পৌর এলাকা, মাধবদী এসপি ইন্সটিটিউশন, মাধবদী বিদ্যালয়, কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলগী তারিনী ভূঁইয়া বাড়ির স্বাস্থ্য কমপ্লেক্স এবং আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্যের উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলোর পরিবেশ শান্ত। ভোটার উপস্থিতি কম, কেন্দ্রগুলো ফাঁকা। অধিকাংশ ভোট কেন্দ্রে শাহাদাত হোসেন মুন্নার পোলিং এজেন্ট উপস্থিত ছিল।
তবে মুন্নার প্রধান নির্বাচন সমন্বয়কারী এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল আলম বাচ্চু মাস্টার বিডিনিউজকে বলেন, জোট প্রার্থী খায়রুল কবির খোকনের ক্যাডাররা শহর এলাকাসহ সদর থানার দক্ষিণ অঞ্চল, মাধবদী পৌরসভা, নুরালাপুর ইউনিয়ন, কাঁঠালিয়া ইউনিয়ন ও পাইকারচর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জোট সমর্থকরা প্রচুর পরিমাণে জাল ভোট দেয়।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্না সাটিরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলে জোট সমর্থকরা বাধা দেয় এবং ধাওয়া করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী পুলিশ প্রহরায় ওই স্থান ত্যাগ করেন। নরসিংদী বাসস্ট্যান্ডে এসে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা করার চেষ্টা করলে সেখানে জোট সমর্থকরা হামলা করে প্রতিবাদ সভা ভন্ডুল করে দেয়।
তিনি বলেন, এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী মুন্না তার কিছু সংখ্যক সমর্থক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে স্টেশন বটতলায় আবারও হামলার শিকার হন।
মুন্না নিজেই বিডিনিউজের কাছে অভিযোগ করেন, হামলাকারীদের সাথে পুলিশ, বিডিআর সদস্যরা যোগ দেয় এবং বেপরোয়া লাঠিচার্জ করে। এ ছাড়া নির্বাচনে বেশ কয়েকজন সরকার দলীয় এমপি ভোট কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করেছেন।
পরে তিনি সাংবাদিকদের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওই সব অভিযোগ উত্থাপন করেন।
ডিসি ফিরোজ সালাউদ্দিন ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্যে এসপি রেজাউল আলমকে বলেন।
সকালের দিকে বিডিআর সদস্যরা জাল ভোট দেওয়ার অপরাধে হাজীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে আটক করে। একই অভিযোগে মাধবদী উচ্চ বিদ্যালয় থেকে আখতার, জাইম, ইয়াসিন, নুরুজ্জামান, নূর মোহাম্মদ এবং মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সবুজ, আলেয়া ও শহিদুলকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া জাল ভোটে সহায়তা করার অপরাধে মাধবপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে একজন ম্যাজিস্ট্রেট কেন্দ্র থেকে ক্লোজ করেন। কর্তব্যে অবহেলার জন্যে সহকারি প্রিজাইডিং অফিসার সুরঞ্জন রায়কে প্রত্যাহার করা হয়।
এদিকে চার দলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকন বিডিনিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। আমার বিজয় সুনিশ্চিত।
এর আগে দুপুরে সেনা সদস্যরা হাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করে। পুলিশের ডিআইজি নির্বাচনে অনিয়মের সাথে জড়িত থাকার দায়ে একজন ওসিকে ক্লোজ করেন।
স্বতন্ত্র প্রার্থী মুন্নার একজন সমর্থক খালিকুজ্জামান বিডিনিউজকে বলেন, খোকনের সমর্থকরা মুন্নার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, তারা ব্রাহ্মণদী সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়, শালিদাহ প্রাথমিক বিদ্যালয়, সাথী পাড়া উচ্চ বিদ্যালয় এবং সাহা প্রতাপ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে মুন্নার এজেন্টদের বের করে দিয়েছে।
খালিকুজ্জামান আরও অভিযোগ করেন, চারদলীয় জোট প্রার্থীর গাড়ি (ময়মনসিংহ-ব-২৯৭) ভর্তি করে ভূয়া ভোটার হাজির করেছে।
তিনি আরও বলেন, খোকনের লোকজন মুন্নার বেশ কয়েকজন পোলিং এজেন্টকে প্রহার করেছে।
এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ আরও চারজনকে আটক করে। এরা হল সবুজ (১৮), নূর মোহাম্মদ, শহিদুল ইসলাম (৩০) এবং আলেয়া (১৮)।
একটি ভ্রাম্যমান আদালত চারদলীয় জোট প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অপরাধে সবুজ, নূর মোহাম্মদ ও শহিদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড এবং আলোয়াকে এক হাজার টাকা জরিমানা করে।
