সরকারি পদক্ষেপের ফলে প্রবাসীরা চার বছরে ১২,৪৪৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বলেছেন, গত চার বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
ক্ষমতাসীন জোট সরকারের কিছু বাস্তবমুখী ও সময়োপযোগী পদক্ষেপের কারণেই এটি সম্ভব হয়েছে।
জাতীয় সংসদে বাগেরহাট-২’র সংসদ সদস্য এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের পাঁচ বছরে প্রবাসী বাংলাদেশীরা ৮৫৩৭ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছিল। অথচ বর্তমান জোট সরকারের চার বছরে রেমিটেন্সের প্রবাহ আওয়ামী লীগ আমলের পরিমাণ ছাড়িয়ে ১২৪৪৭ দশমিক ৪৮ মিলিয়নে পৌঁছেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কোনও কর প্রদান ছাড়াই প্রবাসীরা দেশে অর্থ বিনিয়োগ করার সুবিধা পাচ্ছেন বলেই রেমিটেন্সের প্রবাহে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগকে সহজ করতে সরকার ‘ইউএসএ ডলার ইনভেস্টমেন্ট বন্ড’ এবং ‘ইউএসএ ডলার প্রিমিয়াম বন্ড’ চালু করেছে।
মানি লন্ডারিং প্রতিরোধ এ্যাক্ট-২০০২ প্রণয়নের মাধ্যমে সরকার অবৈধভাবে হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠানোর পথ বন্ধ করেছে।
