কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মিত হতে যাচ্ছে
কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মিত হতে যাচ্ছে। ২০০৬ সালের জানুয়ারিতে এর নির্মাণ কাজ শুরু হবে। সেতু নির্মাণের জন্যে ইতোমধ্যে কুয়েত ফান্ড থেকে অর্থেরও যোগান দেওয়া হয়েছে।
বুধবার সংস্কারকৃত কালুর ঘাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন। যোগাযোগ মন্ত্রী আশা প্রকাশ করেন, ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এ সেতু দিয়ে আগামী ৩০ থেকে ৪০ বছর নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। সেতুর পাশাপাশি ফেরী সার্ভিসও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের নিজস্ব অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয়বারের মত এ সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ১০ টনের বেশি ভারি ট্রাক এবং ৫০ এর বেশি যাত্রী বহনকারী বাস সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হবেনা।
কালুরঘাট রেলওয়ে সেতু ১৯৩১ সালে নির্মিত হওয়ার পর ১৯৬২ সাল থেকে এতে সড়ক যোগাযোগ সুবিধা চালু করা হয়।
