সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের জন্যে টোকিওতে স্বাস্থ্য বিষয়ক আঞ্চলিক বৈঠক শুরু
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চ পর্যায়ের বৈঠক মঙ্গলবার থেকে জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে।
এক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, উল্লেখিত অঞ্চলের দেশসমূহে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনে এ অঞ্চলের দেশসমূহের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং অভিজ্ঞতা বিনিময়কে কাজে লাগানো এ বৈঠকের মূল উদ্দেশ্য।
এতে ২৩টি দেশের স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিয়েছেন।
উচ্চ পর্যায়ের এ বৈঠকের সুপারিশসমূহ আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় জি-৮ গ্লেনিয়াগলেজ সামিট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ সভায় উপস্থাপন করা হবে।
বৈঠকে জাপান সরকার সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের জন্যে জন নিরাপত্তা বিষয়ক প্রকল্পে সহযোগিতা জোরদার করার প্রতি বিশেষ গুরুত্ব দেবে। সহযোগিতা জোরদার করতে জাপান পরবর্তী পাঁচ বছরের জন্যে তিন বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করবে। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাপান চার দশমিক এক মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখবে।
