২১ আগস্টের গ্রেনেড হামলা তদন্তে ৩ ইন্টারপোল সদস্য বুধবার ঢাকায় পৌঁছবে
গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার নতুন করে তদন্ত করতে ইন্টারপোলের তিন সদস্য বুধবার ঢাকায় আসছেন। ওই হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ আরও ২৩ জন নিহত হয়।
পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা সোমবার জানান, পূর্ববর্র্তী তদন্তে প্রাপ্ত তথ্যাবলী এবং র্যাব হেফাজতে থাকা কুখ্যাত সন্ত্রাসী আরমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের ওই ইন্টারপোল পুলিশ সদস্যরা একটি অগ্রবর্তী প্রতিবেদন প্রস্তুত করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, সোমবার আমরা ওই তিন ইন্টারপোল সদস্যের আগমণের ব্যাপারে ইন্টারপোল সদরদপ্তর থেকে ফ্যাক্স ও ই-মেইল পেয়েছি। এরা হচ্ছেন, চীনের এইচ ডব্লিউ সিন ও যুক্তরাষ্ট্রের ক্রিশ হ্যান ও রিচার্ড গ্রিনবার্গ।
পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টসহ আইন প্রযোগকারী সংস্থা এ পর্যন্ত ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ইন্টারপোল সদস্যরা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছবেন।
এর আগে হিরোশি সুমি, মার্ক বেউচেমিন, রবার্ট এম. থমসন, ফ্রাট জে. ব্রাটফড, মার্স ভুসিরাজ, জিন হিউ, জেফরি ইজলেস ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তের কাজে বাংলাদেশ সফর করেন।
এছাড়াও হামলার তদন্ত করতে উইলসন গিবসন নামে এক এফবিআই এজেন্টও বাংলাদেশ সফর করেন।
সাধারণত স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ সাহায্য চাইলে তাদেরকে টেকনিক্যাল সহাযতা দিতে ইন্টারপোল সদরদপ্তর ফ্রান্সের লিও থেকে সদস্য দেশগুলোতে ইন্টারপোল ইনসিডেন্ট রেসপন্স টিমকে (আইআরটি) পাঠানো হয়।
তারা কখনও রাজনৈতিক বিতর্ক কিংবা বিদেশী পর্যবেক্ষকদের মত আচরণ করে না। ইন্টারপোল সবসময় অপরাধীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর চোখ রাখে।
সম্প্রতি স্পেন, ইন্দোনেশিয়া, ভারত, সৌদি আরব, লেবানন, বসনিয়া-হার্জোগভিনা এবং উজবেকিস্তানে আইআরটি পাঠানো হয়েছে। যেখানে তারা জাতীয় পুলিশ এবং ইন্টারপোলের ১৮১ টি সদস্য দেশের যে কোনও পুলিশ ফোর্সের মধ্যে বিশেষজ্ঞ সহায়তা এবং লিয়াজোঁ সেবা দিয়েছে।
