চলতি বছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৪.৫৫ শতাংশ
চলতি বছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৪.৫৫ শতাংশ হওয়ায় সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথাযথ সংস্কারমূলক প্রচেষ্টা গ্রহণের ব্যাপারে মত প্রকাশ করা হয়। সোমবার জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি আলোচিত হয়।
বৈঠকে অবহিত করা হয়, চলতি অর্থবছরের মে, ২০০৫ পর্যন্ত শুল্ক অনুবিভাগ, মূল্য সংযোজন কর অনুবিভাগ এবং আয়কর অনুবিভাগের রাজস্ব লক্ষ্যমাত্রা যথাক্রমে ১৩ হাজার ৮৪১ কোটি টাকা, ৮ হাজার ৪৮৩ কোটি, ৫ হাজার ৩৬২ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে যথাক্রমে ১৩ হাজার ৫১৩ কোটি, সাত হাজার ৯৭৭ কোটি এবং চার হাজার ৩০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি যথাক্রমে ১৪ শতাংশ, ১৩ শতাংশ এবং ২২ শতাংশ ।
আওয়ামী লীগের সংসদ সদস্য ছায়েদুল হক বলেন, এ অর্থবছরে ৩০ হাজার ৫০০ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ২৬ হাজার কোটি টাকা। আর বর্তমান অর্থ বছর শেষ হতে বাকি রয়েছে মাত্র ১০ দিন। এই ১০ দিনে কিভাবে এই সম্পদের মধ্যে চার হাজার কোটি টাকা আয় হবে।
কমিটির সদস্যরাসহ বিশেষ আমন্ত্রণে অর্থপ্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।
