২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন ঘটনায় ২ জন আ. লীগ নেতা ও ২ জন চরমপন্থি নেতা নিহত

দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনায় সোমবার কমপক্ষে চারজন নেতা নিহত হয়েছে। এদের মধ্যে দু’জন আওয়ামী লীগ নেতা ও বাকি দু’জন চরমপন্থি দলের নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ফরিদপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা দিনের আলোয় খুন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে (৪৬)। অন্যদিকে নারায়ণগঞ্জে যুবলীগ নেতা হুমায়ন কবির বাশার (৩৫) খুন হয়েছেন।

ফরিদপুর ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। ফরিদপুর আওয়ামী লীগ এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে।

পাবনা ও কুষ্টিয়ায় র‌্যাবের ক্রস ফায়ারে চরমপন্থী নেতা যথাক্রমে বাবুল করিম চান্দু (৪০), স্যুটার জামাল নিহত হয়েছে।

ফরিদপুর পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের আলীপুর এলাকার গোলপুকুর সংলগ্ন সাথী ডেকোরেটর নামের একটি দোকানে বসে মনির অন্যান্যদের সাথে গল্পগুজব করার সময় অজ্ঞাতনামা তিন দুর্বুত্ত তার বুকে অস্ত্র ঠেকিয়ে পরপর ৮/১০ রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মনিরের বুক ও বাম পাজরে মোট চারটি গুলিবিদ্ধ হয়।

মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা অস্ত্র উচিয়ে এলাকা ত্যাগ করে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে নাইন এম এম পিস্তলের দুটি ও পয়েন্ট থ্রি টু রিভলবারের তিনটি গুলির খোসা উদ্ধার করে।

নিহত মনির ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ছিলেন। তার বাড়ি শহরের অম্বিকাপুর।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যকান্ডের খবর পেয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতারা হাসপাতালে ছুটে যান। মনিরের লাশ দেখে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। নিহত মনিরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নারায়ণগঞ্জ যুবলীগ নেতা ও একটি তামাক কোম্পনির ম্যানেজার হুমায়ুন কবির বাশার সোমবার লাক্ষ্যারচর এলাকায় ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, হুমায়ুন সকালে তার কর্মস্থানের উদ্দেশ্যে বের হয়ে যায়। লাক্ষ্যার চর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে এওকলাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হুমায়ুন সাহায্যের জন্য চিৎকার করলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়।

পাবনার কুখ্যাত সন্ত্রাসী ১৩টি হত্যা মামলাসহ ৩৫ মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত নকশালের আঞ্চলিক কমান্ডার বাবুল করিম চান্দু (৪০) রোববার রাতে রাজশাহীর বাগমারা এলাকায় র‌্যাবের ক্রসফয়ারে নিহত হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, রোববার বেলা পৌনে ১২টার দিকে র‌্যাব-৫ এর সদস্যরা পাবনা জেলার ফরিদপুর হাদল ইউনিয়নের দুর্গম বাদাল গ্রাম থেকে চান্দুকে গ্রেফতার করে রাজশাহী সদর দফতরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে চান্দু ফরিদপুর উপজেলার কমপক্ষে ১৩টি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। চান্দু র‌্যাবকে জানায়, তার সহযোগীরা রাজশাহীর বাগমারা এলাকায় আত্মগোপন করে আছে। র‌্যাব সদস্যরা তাকে নিয়ে বাগমারার উদ্দেশ্যে রওনা হয়। রোববার রাত পৌনে ১টার দিকে র‌্যাবের দলটি বাগমারার রামরামা গ্রামে পৌঁছলে অজ্ঞাত ডাকাত দল র‌্যাব সদস্যদের গাড়িতে বেসামরিক গাড়ি মনে করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাতদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় চান্দু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়।

পরে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটারগান উদ্ধার করেছে।

কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ব্রীজের কাছে সোমবার ভোর ৪টার দিকে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় চরমপন্থী ক্যাডার স্যুটার জামাল নিহত হয়।

সেসময় অভিযানের নেতৃত্বদানকারী কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদ এবং অপর এক পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, রোববার সকালে র‌্যাব ঢাকার রামপুরা এলাকা থেকে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের নেতা স্যুটার জামালকে (৩৬) গ্রেফতার করে কুষ্টিয়া নিয়ে আসে।

জামাল পুলিশের কাছে তার অস্ত্র ভান্ডার ও বাহিনীর অবস্থান সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই র‌্যাব ও পুলিশ অভিযানে নামে।

পুলিশ-র‌্যাব রাত ৩টার দিকে সদর উপজেলার পান্থপাড়া গ্রামের এক পান ব্যবসায়ীর বাড়ির মাটি খুড়ে ২টি বিদেশী বন্দুক উদ্ধার করে এবং পান ব্যবসায়ী জিয়ারতকে গ্রেফতার করে।

পরে তাকে সঙ্গে নিয়ে জামালের বাহিনীর ক্যাডারদের গ্রেফতার করার জন্য রওনা হয়।

রাত ৪টার দিকে উজানগ্রাম ব্রীজের কাছে পৌঁছালে চরমপন্থীরা র‌্যাব ও পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও তাদেরকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে। দু‘পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। সেসময় র‌্যাব-পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই মারা যায় জামাল।

পুলিশ জানায়, জামালের বিরুদ্ধে পুলিশের এসআই ইলিয়াস হত্যা ও এইট মার্ডার মামলাসহ ৭টি মামলা রয়েছে।