২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বহারাদের নামে লিফলেট বিলি করার সময় রাজশাহীর বাগমারায় বাংলা ভাই বাহিনীর ক্যাডার গ্রেফতার

রাজশাহীর বাগমারায় সর্বহারাদের নামে লিফলেট বিলি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে উজ্জ্বল (২৪) নামে বাংলা ভাইয়ের এক ক্যাডার। বাগমারার বাজে গোয়ালকান্দি এলাকায় সর্বহারাদের লিফলেট বিলিকালে রোববার রাতে তাকে হাতেনাতে ধরা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

তার বাড়িও একই গ্রামে। পিতার নাম আবদুল মান্নান। বিগত সময়ে বৃহত্তর রাজশাহী অঞ্চলে বাংলা ভাই বাহিনীর শাসন চলাকালে উজ্জ্বলকে বাংলা ভাইয়ের খুব কাছাকাছি থাকতে দেখা গেছে।

সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চারের লক্ষ্যে বাগমারার দেয়ালে দেয়ালে গত কয়েকদিন ধরেই লিফলেট সাটানো হচ্ছে। এসব লিফলেটে মাওসেতুঙয়ের ছবি শোভা পাচ্ছে।

বৃহত্তর রাজশাহী অঞ্চলে সরকার বিরোধীদের কোনঠাসা করতে বাংলা ভাই বাহিনী মিশন নিয়ে মাঠে নেমেছে। এই মিশন সফল করার জন্য সর্বহারাদের ইস্যু করে বাংলা ভাই বাহিনী সর্বহারাদের নামে লিফলেট বিতরণ করছে। এই এলাকার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ও বিশেষ করে সাম্যবাদী দলের কর্মীরা বর্তমান পরিস্থিতিতে চরম আতংকের মধ্যে রয়েছে। পাশাপাশি প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সর্বহারাদের নামে বাংলা ভাই বাহিনীর বর্তমান অপতৎপরতাকে হুমকি হিসেবে দেখছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন কমিউনিস্ট নেতা বলেছেন, বাংলা ভাই বাহিনীর ক্যাডার উজ্জ্বলকে গ্রেফতারের সময় তার কাছ থেকে সর্বহারাদের লিফলেট পাওয়ার ঘটনায় প্রমাণ হয়েছে এই অঞ্চলে প্রকৃতপক্ষে কি ঘটছে?

বাগমারা থানা সূত্র জানায়, বাংলা ভাই বাহিনীর ক্যাডারকে পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে চালান দিয়েছে।