পরিবেশ বিপর্যয় রোধে গাছ কাটা ও যান্ত্রিক যানবাহনের নির্ভরশীলতা কমানো এবং সাইকেলের ব্যবহার বাড়ানোর আহ্বান
অব্যাহত গাছ কাটা ও যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নগরীতে আয়োজিত এক সেমিনারের বক্তারা। তাদের মতে, এর ফলে দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের বিপর্যয় ঘটছে।
তারা অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশের নগর ও শহরগুলোতে বাইসাইকেলের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে বলেছেন, দূষণসৃষ্টিকারী উপাদানের বৃহৎ উৎস খনিজ জ্বালানির ব্যবহার কমানোর উদ্দেশ্য বিদেশে পরিবেশ সচেতন নাগরিকরা সাইকেল ব্যবহার করছে।
ট্রাফিক ও পরিবেশ বিষয় নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানুষের জন্য’ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘সবুজ নগরায়নে যানবাহনের ভূমিকা’ শীষর্ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বেটার বাংলাদেশ’র সৈয়দ মাহবুবুল আলম অভিযোগ করেন, রাজধানীর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে সরকার ব্যবসায়িক দিকটিতে বেশি গুরুত্ব দিয়েছে।
অন্যান্য বক্তাদের সাথে একমত পোষণ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থগুলো রাজধানীর অনেক স্থানে গাছ কেটে ফেলেছে।
উন্নত দেশে যান্ত্রিক যানবাহনের ফলে সৃষ্ট বিভিন্ন ক্ষতিকর দিক ও পরিসংখ্যান তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় রোধ করতে আগে থেকেই সাবধানতা অবলম্বন করার জন্য সাইকেলের ব্যবহার জনপ্রিয় করা প্রয়োজন।
পাথ (পিএটিএইচ) কানাডার আঞ্চলিক পরিচালক দেব্র ফ্রোইমসন বলেন, ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য জৈববৈচিত্র ও পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা যতই যান্ত্রিকতার মধ্যে প্রবেশ করব আমাদের শিশুদের তত ক্ষতি হবে। সেটা শারীরিক ও মানসিক উভয়ভাবেই।
রিক্সাকে পরিবেশবান্ধব যান উল্লেখ করে তিনি বলেন, রিক্সা উচ্ছেদের মাধ্যমে নগরীর যানজট নিরসন সম্ভব নয়।
‘মানুষের জন্য’র সমন্বয়কারী মারুফ রহমানের একটি স্লাইড শোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন বাংলাদেশ কনজুমার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ফারুক ও হাঙ্গার প্রোজেক্টের বিধান চন্দ্র পাল প্রমুখ।
