২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের ক্রসফয়ারে পাবনার চরমপন্থি নেতা নিহত

পাবনার কুখ্যাত সন্ত্রাসী ১৩টি হত্যা মামলাসহ ৩৫ মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত নকশালের আঞ্চলিক কমান্ডার বাবুল করিম চান্দু (৪০) রোববার রাতে রাজশাহীর বাগমারা এলাকায় র‌্যাবের ক্রসফয়ারে নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

র‌্যাব সূত্র জানায়, রোববার বেলা পৌনে ১২টার দিকে র‌্যাব-৫ এর সদস্যরা পাবনা জেলার ফরিদপুর হাদল ইউনিয়নের দুর্গম বাদাল গ্রাম থেকে চান্দুকে গ্রেফতার করে রাজশাহী সদর দফতরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে চান্দু ফরিদপুর উপজেলার কমপক্ষে ১৩টি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। চান্দু র‌্যাবকে জানায়, তার সহযোগীরা রাজশাহীর বাগমারা এলাকায় আত্মগোপন করে আছে। র‌্যাব সদস্যরা তাকে নিয়ে বাগমারার উদ্দেশ্যে রওনা হয়। রোববার রাত পৌনে ১টার দিকে র‌্যাবের দলটি বাগমারার রামরামা গ্রামে পৌঁছলে অজ্ঞাত ডাকাত দল র‌্যাব সদস্যদের গাড়িতে বেসামরিক গাড়ি মনে করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাতদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় চান্দু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়।

পরে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটারগান উদ্ধার করেছে।