নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের গুলিতে এক ব্যক্তি নিহত
জেলার বন্দর থানার মদনগঞ্জের লক্ষ্যারচর এলাকায় সোমবার ছিনতাইকারীদের গুলিতে হুমায়ুন কবির বাশার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বাশার নারায়ণগঞ্জের জামাল অ্যান্ড কোংয়ের সুপারভাইজার ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে হুমায়ুন কবির তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে লক্ষ্যারচরে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় হুমাযুন চিৎকার দিলে তারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। লক্ষ্যারচর এলাকার বাসিন্দা নিহত হুমায়ুনের পিতার নাম ফকির চাঁন মিয়া।
