২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ দখলের কারণে তুরাগ নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে

টঙ্গী ও উত্তরা এলাকার একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তির জবর দখল ও সীমাহীন লুটপাটের কারণে ঐতিহ্যবাহী তুরাগ নদীর অস্তিত্ব নিশ্চিহ্ন হতে চলেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, তুরাগ নদীর জায়গা জবর দখলে নিয়ে মাটি দিয়ে ভরাট করে ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বালির মহালসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হচ্ছে। সরকারিভাবেও চলছে এ দখল প্রক্রিয়া। ফলে অতীতের খরস্রোতা তুরাগ নদী বর্তমানে শীর্ণকায় হয়ে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, জবর দখলকারীরা প্রতিবছর শুকনো মৌসুমে টঙ্গীর তুরাগ নদীর তীর ঘেঁষে ট্রাক কিংবা ট্রলার দিয়ে মাটি ফেলে জায়গা ভরাট করে নিজস্ব বালির মহাল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

রোববার বিকালে সরেজমিনে গিয়ে উত্তরার আব্দুল্লাহপুর, স্লুইচ গেট, কামারপাড়া এবং টঙ্গী-আশুলিয়া রোডের পুব পাশে তুরাগ নদীর জায়গার ওপর এরকম প্রায় ২০/২৫ টি বালির মহাল দেখা যায়। এছাড়া, স্থানীয় কামারপাড়া, রানাভোলা, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকার বেশকিছু প্রভাবশালী ব্যক্তি গড়ে তুলেছে এসব বালির মহাল। তাছাড়া, বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানিও ভরাটকৃত এসব জায়গা-জমি বেচাকেনা করছে।

জানা যায়, টঙ্গীর ইজতেমা মাঠের ১৬৫ একর জমির মধ্যে প্রায় ৩০ একর জমি প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে। এ কারণে বিশ্ব ইজতেমার মাঠ দিনদিন ছোট হয়ে আসছে।

সরেজমিনে আলাপকালে স্থানীয় লোকজন প্রশাসন ও কর্তৃপক্ষের উদাসীনতকেই তুরাগ নদী দখল হয়ে যাওয়ার জন্য দায়ী করেন।