২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের প্রতি স্পিকারের অভিনন্দন

বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে রোববার জাতীয় সংসদে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, যারা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাতিলের দাবিতে সোচ্চার ছিল তারা আজ বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বাংলাদেশ শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে পাঁচ উইকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যা একদিনের ক্রিকেটে বিশ্বে সবচে ‘বড় আপসেট’।

ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে স্পিকার বাংলাদেশ দলের পাশাপাশি দলের কোচ, বোর্ড কর্মকর্তা এবং দলের সাফল্যের সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানান।

দিনের কর্যক্রম শুরু হওয়ার পর পরেই যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ফ্লোর নেন এবং বাংলাদেশের বিজয়ে ৩০০ ধারার অধীনে বক্তব্য দেন।

ক্রিড়া প্রতিমন্ত্রী বলেন, যারা ক্রমাগত বাংলাদেশ দলের সমালোচনা করেছে এই জয় হলো তাদের প্রতি মোক্ষম জবাব।

তিনি সকল খেলোয়াড় ও বোর্ড কর্মকর্তাকে অভিনন্দন জানান।

এ সময়ে মন্ত্রী ওই ম্যাচে ১০১ বলে অনবদ্য ১০০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় এবং দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ায় আশরাফুলকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি দেশের বর্তমান ক্রিকেট মাঠ নিয়ে বিরাজমান সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন।