২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলবন্দরের শুল্ক কেন্দ্রের মাধ্যমে অবাধে বিদেশী মুদ্রা পাচার

বাণিজ্যিক কাগজপত্র জালিয়াতি করে দেশের স্থলবন্দরগুলোর শুল্ক কেন্দ্রের মাধ্যমে অবাধে বিদেশী মুদ্রা পাচার করার হচ্ছে বলে জানা গেছে। পণ্য আমদানির নাম করে কিছু আমদানিকারক ভুয়া চালানপত্র দেখিয়ে অবৈধভাবে এসব কাজ করছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সূত্র জানায়, বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ মুদ্রা পাচার করা হচ্ছে। বন্দরগুলোর শুল্ক বিভাগ ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে নির্বিঘ্নে মুদ্রা পাচারের এ কাজ করা হচ্ছে।

সরকারের রাজস্ব বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বিডিনিউজের কাছে বলেন, তদন্ত করলে বছরে কয়েকশ‘ কোটি ডলার আমদানির নামে মুদ্রা পাচারের ঘটনা ধরা পড়বে।

নিয়মানুযায়ী পণ্য আমদানি করতে হলে নির্ধারিত পণ্যের চাহিদা জানিয়ে ব্যাংকে এলসি বা ঋণপত্র খুলতে হয়। এতে আমদানি করা পণ্য ছাড় করার জন্য যেকোন একটি স্থল শুল্ক কেন্দ্র নির্ধারিত থাকে। কিন্তু কিছু আমদানিকারক ঋণপত্রে উল্লেখ করা শুল্ক কেন্দ্রের পরিবর্তে নিজের সুবিধা মতো কেন্দ্র দিয়ে পণ্যের ছাড়পত্র নিচ্ছে। এক্ষেত্রে ঋণপত্রে ব্যাংকের সংশোধনী থাকার আইন থাকলেও বেশির ভাগই ভুয়া সংশোধনী তৈরি করে মালামালের ছাড়পত্র নিচ্ছে। শুল্ক কেন্দ্রে প্রমাণাদি যাচাই বাছাই করার প্রক্রিয়া না থাকায় সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জালিয়াতি বুঝার উপায় থাকছে না বলে তারা দাবি করেন।

সূত্র জানায়, যাচাই প্রক্রিয়া ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ হওয়ায় এদিকে নজর দেওয়া হচ্ছে না। ফলে এক শুল্ক কেন্দ্রে ক্লিন রিপোর্ট ফাইন্ডিংস (সিআরএফ) জমা থাকছে আর অন্য কেন্দ্র দিয়ে মালামাল ছাড় করার অনুমতি পেয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, এভাবে জালিয়াতির মাধ্যমে মুদ্রা পাচারের ঘটনা সরকারের রাজস্ব বিভাগ জানলেও প্রতিরোধের কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দু‘বছর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক গোপন তদন্তে প্রথম মুদ্রা পাচারের ঘটনা ধরা পড়ে। কিন্তু ওই তদন্ত রিপোর্টের সুপারিশ এখনও হিমাগারেই রয়েছে।

তদন্ত রিপোর্টের উদ্ধৃতি দিয়ে সূত্র জানায়, হিলি শুল্ক কেন্দ্রে মুদ্রা পাচারের আংশিক প্রমাণাদি পাওয়া যায়। সিআরএফ রেজিষ্টারে দেখা যায়, কটন ইয়ার্ন ও মিক্সড ফেব্রিক্সের ৩৩৩টি সিআরএফ-এর বিপরীতে কোন বিল অব এক্সচেঞ্জ নোটিং হয়নি। এতে মালামাল আমদানি না করেই মার্কিন ডলার পাচার করা হয় বলে প্রমাণিত হয়। পাশাপাশি কমিশন বাবদ সরকার বিপুল অংকের রাজস্ব হারায়।

রাজস্ব বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ব্যাপক তদন্ত হলে বছরে কয়েকশ‘ কোটি ডলার ভূয়া আমদানির নামে পাচারের ঘটনা উদঘাটিত হবে বলে ধারনা করা হচ্ছে।