২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ইংরেজী শিক্ষা

হঠাৎ করেই ইংরেজী শিক্ষার প্রতি ঝোঁক বেড়ে গেছে চীনাদের। চীনের দোকানগুলোতে এখন থরে থরে সাজিয়ে রাখতে দেখা যাচ্ছে ইংরেজী বই। হালের কোনও ইলেকট্রনিক সামগ্রী বা ফ্যাশন আইটেম নয় বরং অক্সফোর্ড ইংরেজী অভিধানই বেশি বিক্রি হচ্ছে এসব দোকানে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

চীনের খুব পরিচিত একটি স্থান সাংহাই বুক সিটি। সাত তলা এই মার্কেটে এখন হু হু করে বিক্রি হচ্ছে ইংরেজী অভিধান ও অনুদিত বইগুলো।

ইন্টারনেট সূত্রে জানা গেছে, বইপ্রেমীদের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম অবস্থায় পড়েছেন বই বিক্রেতারা। মাস পেরুতে না পেরুতেই তৃতীয় দফায় ইংরেজী বইয়ের অর্ডার দিতে হয়েছে তাদের। বিশেষ করে অক্সফোর্ড অভিধান, চীনা ভাষা থেকে ইংরেজীতে অনুবাদ করা বিভিন্ন হ্যান্ডবুক এবং ইংরেজীতে কথোপকথন কোর্সের বইয়ের বিক্রি প্রচুর বেড়েছে।

চীনা সংবাদপত্রগুলোও এখন ৪ হাজার ইউয়ান বা ৪৮২ মার্কিন ডলারে মাত্র চার সপ্তাহে ইংরেজী শেখানো হবে-জাতীয় বিজ্ঞাপনে ছেয়ে গেছে। নামজাদা কয়েকজন প্রশিক্ষক ইংরেজী শিক্ষার ক্লাস নিবেন- এমন লোভও দেখানো হচ্ছে পত্র-পত্রিকায়।

উল্লেখ্য, চীনে প্রাথমিক স্কুল পর্যায়ে ইংরেজী শিক্ষা রাখা হলেও তা বাধ্যতামূলক করা হয়নি। সে কারণে এখানে ইংরেজী চর্চা কিছুটা কমই হয়ে থাকে।

এদিকে ২০০৮ সালে চীনে আয়োজিত হতে যাচ্ছে ‘বেইজিং অলিম্পিকস’। এ আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে গত সপ্তাহে চীন সরকার ভাল ইংরেজী বলতে ও বুঝতে পারে এমন প্রায় ১ লাখ স্বেচ্ছাসেবী নেয়ার ঘোষনা দিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে ইংরেজী চর্চা বেড়ে গেছে। বেড়েছে ইংরেজী প্রশিক্ষকের সংখ্যা ও চাহিদা।

চীনে গিয়ে কেউ যদি এ মুহূর্তে অর্থ সংকটে পড়ে যায়, তাহলে কোনও চিন্তা নেই। চীনা জাতীয় সম্প্রচার কেন্দ্র বা চীনা কেবল টিভি (সিসিটিভি)তে গিয়ে ইংরেজী সংবাদপাঠক হিসেবে নাম লেখালেই সংবাদ পাঠ বাবদ দিন প্রতি আয় করা যাবে ৩৫০ ইউয়ান বা ৪২ মার্কিন ডলারেরও বেশি অর্থ।