নড়াইল জেলার পাট চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
বীজ সংকট থাকা সত্ত্বেও এবং সঠিক সময়ে বৃষ্টি না হলেও সেচের মাধ্যমে নড়াইলের কৃষকরা চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি (২০০৫-২০০৬) মৌসুমে জেলার ৪টি থানায় ৯ হাজার ৪১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৯০ হেক্টর জমিতে দেশী এবং ৯ হাজার ১২০ হেক্টর জমিতে তোষা পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে।
কৃষি অফিস আরও জানায়, গত ২০০৪-২০০৫ মৌসুমে জেলার ৪টি থানায় ৫ হাজার ৫৭০ হেক্টর জমিতে, ২০০৩-২০০৪ মৌসুমে ৭ হাজার ৫৫৪ হেক্টর, ২০০২-২০০৩ মৌসুমে ৭ হাজার ৪৩০ হেক্টর এবং ২০০১-২০০২ মৌসুমে ৪ হাজার ৮৬৮ হেক্টর জমিতে পাটের চাষাবাদ করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে সদর থানায় দেশী জাতের পাট ২০ হেক্টরে এবং তোষা জাতের পাট ৩,৭৩৭ হেক্টরে চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১ হাজার ৩০৭ বেল পাট।
লোহাগড়া থানায় দেশী জাতের পাট ১০ হেক্টরে এবং তোষা পাট ৫,২৬৩ হেক্টর চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৯৯৩ বেল পাট এবং কালিয়া থানায় দেশী জাতের পাট ২৩৬ হেক্টর জমিতে এবং তোষা পাট ৯৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।
