মাদ্রাসা বোর্ডের কতিপয় কর্মকর্তা উত্তরপত্র পরিবর্তনের বাণিজ্য চালিয়ে যাচ্ছে
মাদ্রাসা বোর্ডের কতিপয় কর্মকর্তা উত্তরপত্র বদলে ফেলার মাধ্যমে তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের দুর্নীতিপরায়ন কর্মকর্তাদের একটি চক্র সারা দেশে নেটওয়ার্ক গড়ে তুলে যেসব দুর্বল পরীক্ষার্থী পরীক্ষায় ভালো করতে পারেনি তাদের নতুন করে উত্তরপত্র সরবরাহের মাধ্যমে ভালো ফল পাওয়ার সুবিধা করে দিয়ে এ বাণিজ্য চালাচ্ছে। ওই কর্মকর্তারা শিক্ষার্থীদের ভালো গ্রেড পাওয়ার নিশ্চয়তাও দিচ্ছে।
সূত্র জানায়, পরীক্ষায় খারাপ করা শিক্ষার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমে ওই কর্মকর্তারা বোর্ডের গুদাম থেকে সরবরাহকৃত ফাঁকা উত্তরপত্র পাঠিয়ে থাকেন। পরীক্ষার্থীরা আবার নতুন করে উত্তর লিখে তাদের কাছে ফেরত পাঠায়। আর এজন্য ওই কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয়। কর্মকর্তারা পুরনো উত্তরপত্র সরিয়ে নিয়ে সেটির স্থলে নতুন করে লেখা উত্তরপত্রটি রেখে দেন।
এ ধরনের জালিয়াতির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অভিযান চালিয়ে দুর্নীতিপরায়ন ওই কর্মকর্তাদের উত্তরপত্র জালিয়াতির এক বিশাল নেটওয়ার্কের সন্ধান পায়।
শিক্ষা মন্ত্রণালয় সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল তদন্ত চালায়। পুলিশি তদন্ত দলটি ঢাকার কিছু এলাকায় অভিযান চালিয়ে ১০ টি ফাঁকা উত্তরপত্র এবং ৩৩ টি অতিরিক্ত উত্তরপত্র ও বিপুল সংখ্যক গাইড বই উদ্ধার করে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয়জন শিক্ষার্থীকে গ্রেফতার করে। তারা হল, আব্দুল্লাহ আল মামুন, শফিউল মোস্তাক, সাদেক হোসেন, মো. কামাল হোসেন এবং মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন মন্ত্রণালয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেন। তারা এ সময় উত্তরপত্র জালিয়াতিতে নেতৃত্বদানকারী হিসেবে মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক কামরুল হাসান এবং বিভাগীয় কর্মকর্তা দেলোয়ার হোসেনের নাম উল্লেখ করে।
এ ব্যাপারে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদ্রসা শিক্ষা এ ব্যাপারে উত্তরপত্র জালিয়াতিতে নেতৃত্ব দানকারী কর্মকর্তাদের খুঁজে বের করতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনার জন্য এবং জড়িত কর্মকর্তাদের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা বোর্ডকে নির্দেশ দিয়েছে।
শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, কেউ রক্ষা পাবে না। বিষয়টিকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ইতিমধ্যে জালিয়াতির সাথে জড়িতদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মাদ্রসা বোর্ডকে নির্দেশ দিয়েছি।
নকল প্রতিরোধে ভূমিকা রাখার জন্য প্রশংসিত শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এটি মারাত্মক জালিয়াতি, ঘৃণ্য কর্মকাণ্ড, এটি দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্র।
