প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি হ্রাসে সরাসরি কোন কৌশল নেই
‘অধিক বৈদেশিক অর্থায়নের মাধ্যমে সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি হ্রাসের কৌশল নিয়েছে।’ বাজেট ঘোষণার আগে বাংলাদেশ ব্যাংক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ এ কথা বললেও প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী মুদ্রাস্ফীতি হ্রাসে সরাসরি কোন কৌশল প্রকাশ করেননি। চলতি অর্থবছরের মুদ্রাস্ফীতি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
নতুন বেতন কাঠামো, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৃহৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে মুদ্রাস্ফীতি বাড়ার ব্যাপারে ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা আশংকা প্রকাশ করেছেন। তবে আগামী অর্থবছরে সরকারের অধিক বৈদেশিক অর্থায়নের উদ্যোগ সফল হওয়ার ব্যাপারে অর্থমন্ত্রী আশাবাদী।
আগামী অর্থবছরে বৈদেশিক সাহায্য পরিমান ১৩৩৫০ কোটি টাকা বা ২১১ কোটি ডলার পাওয়া যাবে বলে প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমান ১৬১ কোটি ডলার এবং অনুদান ৫০ কোটি ডলার।
প্রস্তাবিত বাজেট মতে, আগামী বছরে গত নয় বছরে গড় বৈদেশিক সাহায্যের তুলনায় ৫০ শতাংশ সাহায্য বৃদ্ধি পাবে।
অন্যদিকে, আগামী বাজেটে নিট বৈদেশিক সাহায্যের পরিমান ১০৩২০ কোটি টাকা বা ১৬৩ কোটি ডলার উল্লেখ করা হয়। যা গত নয় বছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। বৈদেশিক সাহায্য বাড়ার পাশাপাশি চলতি বছরে এবং আগামী বছরে জাপানী ঋণ মওকুফের কারনে নিট বৈদেশিক সাহায্যের পরিমান বৃদ্ধি পাচ্ছে।
প্রস্তাবিত বাজেট প্রতিক্রয়ায় অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বৈদেশিক সাহায্যের প্রাপ্তিও বাস্তব প্রত্যাশার চেয়ে কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে। তবে বিশ্বব্যাংক ও আইএমএফ’র ঋণের কিস্তিগুলো হিসেবে নিয়েই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার পরিকল্পনা করা হয়েছে।
এ বছরে বন্যার কারনে সাম্প্রতিক বছরগুলোর সাহায্যের ধারা থেকে এমনিতেই বেশি সাহায্য এসেছে। সংশোধিত বাজেট মতে, এ অর্থবছরে বৈদেশিক অনুদান ও ঋণের পরিমান ১১৫৪১ কোটি টাকা বা ১৮৬ কোটি ডলার কোটি ডলার। এ বছরের শুরুতে বৈদেশিক অনুদানের পরিমান ৩০ কোটি ডলার উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে অনুদান পাওয়া গেছে ৪৩ কোটি ডলার। গত নয় বছরে গড় বৈদেশিক সাহায্যের পরিমান ছিল ১৪১ কোটি ডলার।
এদিকে সংশোধিত চলতি বাজেটে নিট বৈদেশিক সাহায্যের পরিমান ১৪২ কোটি ডলার। অথচ গত নয় বছরে গড় বৈদেশিক দায় পরিশোধের পরিমান ছিল ৫৫ কোটি ডলার। ফলে বিগত নয় বছরে গড়ে নিট বৈদেশিক সাহায্যের পরিমান ছিল ৮৬ কোটি ডলার।
বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সর্তকতার সাথে সরকারের আভ্যন্তরীণ ঋন সংগ্রহের স্থিতিশীলতার দাবী করলে বৈদেশিক অর্থায়ন নিয়ে কোন মন্তব্য করেননি। মুদ্রাস্ফীতি নিয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী নিরবতা পালন করেছেন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৫-এ বলা হয়, শুল্ক হার পুনঃনির্ধারণের মত সরকারের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি সংযত রাজস্ব নীতি ও সর্তক মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হবে।
উলেখ্য, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসের গড় মূল্যস্ফীতির হার ছয় দশমিক ৩২ শতাংশ। চলতি অর্থবছরে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল সবচেয়ে বেশি। এ মাসে গড় মূল্যস্ফীতির হার ছিল সাত দশমিক ৯২ এবং খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৬। বন্যার কারণে অক্টোবরে খাদ্য খাতে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
