২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার আদিবাসীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে: গৌতম দেওয়ান

‘আধুনিক বিশ্বে বন্য প্রাণীদের অস্তিত্ব রক্ষায় একদিকে অভয়ারণ্য গড়ে তোলা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ সরকার আদিবাসীদের শেষ আশ্রয়স্থল থেকেও উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্তমানে বন্য প্রাণীর চেয়েও গুরুত্বহীন বিবেচনা করা হচ্ছে।’ পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি গৌতম দেওয়ান বিডিনিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তিনি বলেন, পাহাড়ি আদিবাসী জনগণের বাঁচা ও ভূমির অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম শুরু হয়েছে। কোন প্রলোভনই এ আন্দোলনকে বিপথগামী করতে পারবে না।

তিনি বান্দরবানের রুমায় সেনানিবাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল করার দাবী জানান। সরকার তাদের দাবীর প্রতি শ্রদ্ধাশীল না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সেনানিবাস সম্প্রসারণের মাধ্যমে আদিবাসী উচ্ছেদের প্রক্রিয়া ঠেকানো হবে বলে তিনি জানান।

তিনি বলেন, সামাজিক বনায়নের নামে সরকার ১৯৮৯ সালে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ৮৩টি মৌজার ২ লাখ ১৮ হাজার একর জমি অধিগ্রহণ করে। একই সাথে বান্দরবানে আর্টিলারি ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য সাড়ে ১১ হাজার একর ভূমি অধিগ্রহণ করা হয়। এখন রুমা সেনানিবাস সম্প্রসারণের ফলে প্রায় ১ লাখ আদিবাসী নাগরিকের নিজ ভূমি থেকে উচ্ছেদ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

বান্দরবান শহরের উজানী পাড়া টেরেনাস হলে ৭ জুন অনুষ্ঠিত আদিবাসীদের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম দেওয়ান। এ সমাবেশে রুমা, পান্তলা, গ্যালেঙ্গা, টংকাবতী, চিম্বুক ও সেংগুম মৌজার বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়।

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির বান্দবান জেলা শাখার সভাপতি জুমলিয়ান আমলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক সুদত্ত তঞ্চঙ্গ্যা, আদিবাসী নেতা অভয় চাকমা, মিসেস টুকু তালুকদার, মিসেস সাগরিকা চাকমা, জেলা জনসংহতি সমিতির সহ-সভাপতি জলি মং মারমা বক্তব্য রাখেন।

আদিবাসী সমাবেশে গৌতম দেওয়ান জানান, জনগণকে ভূমি থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার জন্য এই আদিবাসী নেতা ১৯৯২ সালে তৎকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।