২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১২৪টি শিক্ষক পদ শূণ্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত

জেলা প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক সংকটের কারণে ছাত্রছাত্রীদের পাঠদান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সংকটই এর প্রধান কারণ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বর্তমানে জেলায় ১২৪টি শিক্ষক পদ শূণ্য রয়েছে। এরমধ্যে ২৬টি প্রধান শিক্ষক ও ৯৮টি সহকারী শিক্ষক পদ রয়েছে।

সদর উপজেলায় ১২৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬২৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫৮৪ জন শিক্ষক, শুণ্য পদ রয়েছে ৪৩টি। শিবগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২০টি। সেখানে ৫৮২টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫৪৭ জন, শুণ্যপদ রয়েছে ৩৫টি। গোমস্তাপুর উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৭টি। ২৭২টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৫২ জন, শুণ্য পদের সংখ্যা ২০টি। নাচোল উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৮টি। ১৫৪টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৪৯ জন, শুণ্য পদ রয়েছে ৫টি। ভোলাহাট উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৬টি। ১২০টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১১৬ জন, শুণ্য পদ রয়েছে ৪টি।

উল্লেখ্য, এ জেলায় ৩৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৮৬টি, পাঠদান অনুমোদন প্রাপ্ত ৩৪টি, পরীক্ষণ ২টি, এবতেদায়ী ২৫টি, কেজি ৫২টি, এনজিও পূর্নাঙ্গ ৩টি, কমিউনিটি ১টি, মাদ্রাসা সংলগ্ন ১১৭টি ও উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬টি মিলিয়ে মোট ৮৯৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে ১ জন শিক্ষকের বিপরীতে ৬০ জন ছাত্র থাকার নিয়ম থাকলেও এ জেলায় ১ জন শিক্ষকের বিপরীতে ছাত্র রয়েছে ১২৪ জন, যা দ্বিগুনেরও বেশী। এর ফলে ছাত্রছাত্রীদের পাঠদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা যায়।