২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুল এলাকায় বিআরটিএ কর্মচারিকে পিটিয়ে হত্যা, পানির ট্যাঙ্কিতে ডুবে শিশুর মৃত্যু

নগরীর কাফরুল এলাকায় শুক্রবার সন্ত্রাসীরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন কর্মচারিকে পিটিয়ে হত্যা করেছে। এ ছাড়া নগরীতে দু’টি পৃথক ঘটনায় সাত বছরের একজন শিশুসহ দু’জন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিআরটিএ কর্মচারি হত্যাকান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

নিহত বিআরটিএ কর্মচারির নাম মোতাহার আলী (৪০)। তিনি পটুয়াখালী জেলার আজহার আলী মৃধার পুত্র এবং ক্যান্টনমেন্ট থানার মানিকদির বাসিন্দা।

একটি সূত্র জানায়, বিআরটিএ’র অবৈধ লেনদেনকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে।

কাফরুল থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরু (৫০) এবং মোস্তফাকে (৪৭) গ্রেফতার করেছে।

এদিকে আবুল কালাম ওরফে মুজিবুরের ছেলে মোহাম্মদ নাদিম শুক্রবার দুপুরে মেরুল বাড্ডার নানীবাড়ির পানির ট্যাঙ্কিতে পড়ে মারা যায়। আবুল কালামের বাসা খিলগাঁও থানার ৩১০ রামপুরায়।

এছাড়া গুলশান এলাকায় দুপুরে একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাকায় পিষ্ঠ হয়ে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ গাড়ির চালক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে।