আগামী অর্থবছরই কালো টাকা সাদা করার শেষ সুযোগ: সাইফুর
অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান বলেছেন, মানি লন্ডারিং আইন অধিক কার্যকরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী অর্থবছরেই কালো টাকা সাদা করার শেষ সুযোগ দেয়া হচ্ছে।
সাইফুর রহমান শুক্রবার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি অবশ্য বলেন, সংসদ সদ্যসরা এ প্রস্তাবনার বিরোধী অবস্থান নিলে আমি এটি তুলে নেব।
এ সময় অর্থ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষি মন্ত্রী এম কে আনোয়ার, তথ্য মন্ত্রী শামসুল ইসলাম, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অর্থ সচিব।
অর্থমন্ত্রী বলেন, কিছু ব্যক্তির কাছে প্রচুর কালো টাকা রয়েছে এবং এ অর্থ সামগ্রিক অর্থনীতিতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এমনকি তাদের অশুভ আকাক্সক্ষা বাস্তবায়নেও ব্যয় হয়। পাশাপাশি তার বর্তমান অবস্থান সর্মথন করে তিনি বলেন, কালো টাকা রাখার সব পথ এখনই বন্ধ করে দেওয়া হলে বিভিন্ন সেক্টরে অশুভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
কালো টাকার সাদা করার সময় বাড়ানোর ক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্টদের চাপ অস্বীকার করে তিনি বলেন, এ সুবিধা দেওয়া বা বন্ধ করায় আমি কোনও বিশেষ গোষ্ঠীকে উৎসাহ দিতে চাইনি। এমনকি এ বিষয়ে আমার সহকর্মীরাও কোনও কিছূ জানেন না। কিন্তু সামগ্রিক বিবেচনায় এবারই শেষ সুযোগ দেওয়া হচ্ছে।
বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, এই প্রথমবারের মতো প্রস্তাবিত বাজেট দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি)’র লক্ষ্য অর্জনে প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হলো কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করা ও মানব সম্পদের উন্নয়ন। এ বাজেটের লক্ষ্য দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসা।
সংস্কার বিষয়ে অর্থমন্ত্রীর বলেন, সরকারের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চারটি মন্ত্রণালয় মধ্য মেয়াদি বাজেট কাঠোমোর আওতায় নিজেরাই বাজেট প্রণয়ন করেছে। আগামীতে সকল মন্ত্রণালয় তাদের নিজেস্ব বাজেট প্রণয়ন করবে।
তিনি অভিযোগ করেন, সামাজিক নিরাপত্তা খাতে চার হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অনেকে এটাকেও নির্বাচনী ব্যয় বলে অভিহিত করে সমালোচনা করছেন।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, এ বাজেট জনপ্রিয়, গণমুখী ও পল্লী উন্নয়ন কেন্দ্রিক।
তিনি প্রতি বছর এমন বাজেট পাওয়ার আশা প্রকাশ করেন।
