ডিমলায় ১০ দিন পর কবর থেকে ব্যবসায়ীর লাশ উত্তোলন
মৃত্যুর ১০দিন পর নীলফামারীর ডিমলা উপজেলার ভাটিয়াপাড়ায় নিহত ক্ষুদ্র চাল ব্যবসায়ী নিজাম উদ্দিনের লাশ শুক্রবার কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, এই মৃত্যুর ব্যাপারে দায়ের হওয়া মামলা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
নিজাম উদ্দিনের ঘনিষ্ঠরা অভিযোগ করেন, ধান ভাঙ্গা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ৩১ মে জেলার ডিমলা উপজেলার উত্তর তিতপাড়ার (ভাটিয়াপাড়া) একটি রাইস মিলের মালিক জাহের আলী ও মিস্ত্রি রাজ্জাক আলী ক্ষিপ্ত হয়ে নিজাম উদ্দিনকে (৩৫) বেলচা দিয়ে কোপালে তার গলা কেটে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
মামলায় উলে¬খ করা হয়, নিজাম উদ্দিনকে হত্যার পর ইউপি সদস্য আবুল হোসেন জোর করে তার লোক জন দিয়ে পরদিন রাতের আঁধারে লাশ দাফন করে।
অন্যদিকে, একটি চক্র রটিয়ে দেয়, হার্টঅ্যাটাক করে মিলের ফিতায় জড়িয়ে নিজাম উদ্দিনের মৃত্যু হয়েছে। ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এমও তাইফুর রহমানের কাছ থেকে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে একটি সার্টিফিকেটও সংগ্রহ করা হয়।
সাত দিন ধরে পুলিশের কাছে ধর্ণা দিয়েও মামলা দায়ের করতে না পেরে নিহত নিজামের স্ত্রী লিপি বেগম গত মঙ্গলবার এলাকার সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলামের সহায়তায় এসপি সোয়েব আহমেদের সাথে দেখা করে স্বামী হত্যার বিচার প্রার্থনা করেন। এসপি ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষণিক ভাবে মামলাটি গ্রহণের জন্যে ডিমলার ওসিকে নির্দেশ দেন।
গত ৭ জুন নিহত নিজাম উদ্দিনের বোন জামেলা খাতুন বাদী হয়ে ডিমলা থানায় যে মামলাটি দেন, তাতে আসামি হিসেবে রাইস মিলের মালিক জাহের আলী, মিলের মিস্ত্রি আব্দুর রাজ্জাকসহ আরও চারজনের নাম উল্লেখ করেন। মামলা দায়েরের দিনই পুলিশ মিলের মিস্ত্রি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।
