প্রস্তাবিত বাজেটে ছাত্রীদের বৃত্তির পরিমাণ বাড়ানো হয়েছে
প্রস্তাবিত ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রীদের বৃত্তির পরিমাণ আরও ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
সংসদে বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, পরবর্তী অর্থবছরে ছাত্রীদের উপবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় ২৯ লাখ ছাত্রীর জন্য চার শ’ কোটি টাকা ব্যয় হবে।
নারী শিক্ষাকে আরও উৎসাহিত করতে সরকারি প্রতিশ্রুতির অংশ হিসেবে পাঁচ হাজার ছাত্রীর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বর্তমান প্রদেয় মাসিক বৃত্তি ২২৫ টাকার স্থলে ২৫০ টাকা প্রদান করা হবে।
এছাড়া, পরবর্তী অর্থবছরে স্নাতক সম্মান পর্যায়ে কারিগরি ও বিশেষ বিষয়ে বিশ্ববিদ্যালয়, সরকারি এবং এমপিও-ভুক্ত বেসরকারি কলেজে অধ্যয়নরত ১০ হাজার ছাত্রীকে মাসিক ২০০ টাকা উপবৃত্তির আওতায় নিয়ে আসা হবে। একই সময়ে তারা হ্রাসকৃত টিউশন ফি’র সুবিধাও পাবে।
বর্তমানে দুই থেকে তিন শতাংশ ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা গ্রহণ করছে। কারিগর শিক্ষার এ হারকে আগামী ১৫ বছরে ২৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে জানান।
