২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি যন্ত্রপাতির ওপর কাস্টমস শুল্ক হ্রাসের প্রস্তাব

কৃষিখাতকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কয়েক ধরনের সার, বীজ এবং মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর সকল ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেট বক্তৃতায় ধান ও গম কলের যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির ওপর কাস্টমস শুল্ক ১৫ শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ হ্রাসের প্রস্তাব করেন।

গবাদিপশু ও হাঁসমুরগীর খাদ্যের কাঁচামাল, ঔষধ, পশুসম্পদের চিকিৎসা যন্ত্রপাতি এবং এ সংক্রান্ত মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর থেকে সকল শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

টেক্সটাইল খাতকে অধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তিনি কিছু ডাই ও রাসায়নিক পদার্থের ওপর শুল্ক হ্রাসের প্রস্তাব করেন। এছাড়া এ খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।

চলতি বাজেটে ওয়াস্ট কটনের ওপর সাড়ে সাত শতাংশ শুল্ক বজায় থাকলেও সাইফুর রহমান তা প্রত্যাহারের প্রস্তাব করেন।

টেক্সটাইল খাতের মতো চামড়া শিল্পের উন্নয়নে কিছু ডাই ও রাসায়নিক পদার্থের ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সরকার ট্রান্সফরমার ও বাই সাইকেল তৈরির কাঁচামালের ওপর কাস্টমস শুল্ক হ্রাস করার প্রস্তাব করেন।

অপরিশোধিত পেট্রোলিয়ামের ওপর থেকে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ কমানোর প্রস্তাব করা হয়। আর পরিশোধিত পেট্রোলিয়ামের ওপর কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়। তিনি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব করেন।

সিএনজি চালিত বাস ও ট্রাকের ওপর থেকে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

টেলিফোন সংক্রান্ত যন্ত্রপাতির ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ এবং লবনের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে সাড়ে শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া সরকার উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় একাডেমিক জার্নাল, সাময়িকীর ওপর কাস্টমস শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন। মোবাইল ফোন সেটের ওপর শুল্ক ১৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০টাকায় করার প্রস্তাব করা হয়েছে।