র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ যুবক আটক
রাজশাহীর পবা উপজেলার মোথুরা এলাকায় র্যাবের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে র্যাবের হাতেই ধরা পড়েছে মতিউর রহমান বিপ্লব (১৮) ও মঈনুল ইসলাম (২০) নামে দুই যুবক। এদের মধ্যে বিপ্লব নিজেকে রাজশাহী র্যাবের ক্যাপ্টেন ও মঈনুল সোর্স পরিচয় দিয়েছিল বলে জানা গেছে।
রাজশাহীর র্যাব সূত্রে জানা গেছে, জেলার বাগমারা থানার কাঁঠালবাড়ি এলাকার আলহাজ্ব আনিসুর রহমানের ছেলে বিপ্লব ও একই থানার ঝাড় এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মঈনুল র্যাবের পরিচয় দিয়ে ৩ জুন পবা উপজেলার মোথুরা এলাকার জনৈক আজাহারকে গ্রেফতারের ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা আজাহারকে জানায়, রাজশাহী র্যাবের তালিকায় আজাহারের নাম রয়েছে এবং র্যাব তাকে গ্রেফতারের জন্যে খুঁজছে। তাই গ্রেফতার এড়াতে তাদের ওই টাকা দিতে হবে। এ খবর শুনে আজাহার ভয়ে তাৎক্ষনিক ভাবে বিপ্লব ও মঈনুলের হাতে ১৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা কিছুদিন পরে নেওয়ার জন্যে অনুরোধ করেন।
এর পর মঙ্গলবার রাতে বিপ্লব বাকি টাকার জন্যে আজাহারের বাড়িতে গিয়ে তাকে চাপ দেয়। এ সময় আজাহার কৌশলে রাজশাহী র্যাব-৫ অফিসে খবর দিলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিপ্লবকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের অপর একটি দল রাত ৩টার দিকে সোর্স পরিচয়দানকারী মঈনুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে তারা উভয়েই ঘটনা স্বীকার করেছে বলে রাজশাহীর র্যাব-৫ দাবি করেছে।
এদিকে বুধবার সকাল ১০ টার দিকে র্যাবের অপর একটি দল নগরীর রাজপারা থানাধীন ডিঙ্গাডোবা এলাকার হেরোইন বিক্রেতা রানাকে (৩০) তার বাড়ি থেকে ১০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করেছে। তার পিতার নাম হাফিজ উদ্দিন। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
